দলীয় নির্বাচনে গণতন্ত্র আরও শক্তিশালী করা সম্ভব: জাবেদ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন একটি নতুন ব্যবস্থা। যেকোনো নতুন ব্যবস্থাকে সহজভাবে গ্রহণ করতে হবে, প্রমাণ করতে হবে এটি কোনো খারাপ ব্যবস্থা নয়। দলীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব। 

আজ বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউস মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ উপলক্ষে বিভাগীয় প্রস্তুতি মতবিনিময় সভার পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার এসব বলেন।
নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেন, নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে আইন ও বিধি মোতাবেক নির্বাচন করা। সকলের সহযোগিতায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম নির্বাচন কমিশন। ইউপি নির্বাচন হচ্ছে সবচেয়ে রুট লেভেলের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এর মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের নির্বাচনী ব্যবস্থার চেয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সক্ষমতা কোনো অংশে কম নয়। নির্বাচন শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য করতে আইনি বাধ্যবাধকতা মেনে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। শান্তিপূর্ণ ও মডেল নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।
মো. জাবেদ আলী আরও বলেন, প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচন কমিশন, কর্মকর্তা ও ভোটারদের প্রতি আস্থা রাখতে হবে। আচরণবিধি মেনে চললে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হবে না।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান এবং খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
সভায় বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা বিভাগের আওতাধীন জেলা নির্বাচন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।