রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলীয় নেতা হত্যা মামলার প্রধান আসামি শফিকুল ইসলাম। এ ঘটনায় দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এ ইউপিতে ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৯ মে।
এখানে ৭ মে চেয়ারম্যান পদে শফিকুলকে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। শফিকুল ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম সাধারণ সম্পাদক। তবে বিএনপির কয়েকজন নেতা-কর্মীর দাবি, শফিকুল অতীতে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি আনুষ্ঠানিকভাবে কবে বিএনপিতে যোগ দিয়েছেন, তাও তাঁদের জানা নেই।
দলীয় সূত্রে জানা গেছে, পারিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে ২০০৬ সালের ২১ অক্টোবর সন্ধ্যায় দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। পালিয়ে যাওয়ার সময় বাধা দিলে দুর্বৃত্তরা আমিন নামে যুবদলের এক কর্মীকে হত্যা করে। গুরুতর আহত সিরাজুলকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় পরদিন সিরাজুলের ছোট ভাই মঞ্জুর রহমান বাদী হয়ে রাজশাহীর বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, মৃত্যুর আগে হাসপাতালে সিরাজুল তাঁর ওপর হামলাকারীদের নাম বলে গিয়েছিলেন। সে অনুযায়ী ১ নম্বর আসামি করা হয় এই শফিকুলকে। মামলাটি রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন।
পারিলা ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, শফিকুলের মনোনয়ন তৃণমূলের মতামতের ভিত্তিতে হয়নি। তিনি দলীয় নেতা সিরাজুল ও যুবদলের কর্মী আমিন হত্যা মামলার ১ নম্বর আসামি। এ মামলায় তাঁর বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। তা ছাড়া তিনি শিবিরের ক্যাডার ছিলেন। তাঁকে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় নেতা-কর্মীরা মেনে নিতে পারছেন না।
জানতে চাইলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, শফিকুলের বিরুদ্ধে দলীয় নেতা হত্যার মামলা রয়েছে। এ রকম একজন ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যাঁরা তাঁর মনোনয়নের জন্য সুপারিশ করেছেন, তাঁদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।
এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল দুপুরে শফিকুলের মুঠোফোনে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের টেলিফোন থেকে ফোন করা হলে একজন নারী বলেন, তিনি (শফিকুল) ঘুমাচ্ছেন। ওই নারী পরে ফোন করতে বলেন। সন্ধ্যা ছয়টা ২০ মিনিট থেকে ওই মুঠোফোনে কয়েকবার ফোন করা হলে সংযোগ কেটে দেওয়া হয়। পরে প্রতিবেদকের মুঠোফোন থেকে ফোন করা হলে একজন ফোনটি ধরে পরিচয় জানতে চান। পরিচয় দিলে তিনি বলেন, মামা (শফিকুল) এখন ব্যস্ত আছেন। পরে কথা বলবেন। এরপর সন্ধ্যা সাতটা ১১ মিনিটে আবার ফোন করা হলে সংযোগ কেটে দেওয়া হয়।