দলীয় নেতাদের সহায়তা পাচ্ছেন না আ.লীগ প্রার্থী?
বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ-মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান ওরফে মারুফ মৃধাকে দলের নেতারা সহযোগিতা করছেন না। গতকাল শুক্রবার বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আরিফুর রহমান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল হাকিম মাস্টার তাঁর ভাইদের কাছ থেকে কোটি কোটি টাকা এনে ভোটারদের মধ্যে বিলি করছেন ও ভোট কিনছেন। এমনকি তাঁকে (হাকিম মাস্টার) ভোট দিলে প্রতি ভোটারকে ১০ হাজার টাকা আর আমাকে (নৌকায়) ভোট না দিলে ৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিচ্ছেন।’
আরিফুর রহমান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ভাইদের কালো টাকার কাছে সব জিম্মি হয়ে গেছে। এমনকি আওয়ামী লীগের জেলা পর্যায়ের কিছু নেতাও এই অবৈধ অর্থ বিলিকারী চক্রের সঙ্গে রয়েছেন। ফলে আমি দলের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না।’ তিনি বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের ভোটে আমি জয়ী হয়ে দলের মনোনয়ন পেয়েছি। এখন তৃণমূলের নেতা-কর্মীদের অবৈধ অর্থের প্রলোভন দেখিয়ে আমার পাশ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
কোন কোন নেতা বিরোধিতা করছেন—এমন প্রশ্নের জবাবে আরিফুর রহমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান ওরফে নসার নাম উল্লেখ করে বলেন, ‘তিনি (মনিরুজ্জামান) এবারও প্রার্থী হয়েছিলেন। পরে ৩ মার্চ প্রার্থিতা প্রত্যাহার করেন। ওই দিন সন্ধ্যায় তিনি স্থানীয় আয়লা বাজারে স্বতন্ত্র প্রার্থী হাকিম মাস্টারের পথসভায় বক্তৃতা দেন এবং উপস্থিত লোকজনকে হাকিম মাস্টারকে ভোট দেওয়ার জন্য বলেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতাও হাকিমের সঙ্গে রয়েছেন।’ তবে তিনি অন্য নেতাদের নাম উল্লেখ করেননি।
মনিরুজ্জমান মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি ধরেননি।
স্বতন্ত্র প্রার্থী আবদুল হাকিম মাস্টার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি টাকা দিচ্ছি এটা নির্বাচন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তদন্ত করে দেখুক; যদি তারা সত্যতা পায়, তবে যে শাস্তি হবে সেটা আমি মাথা পেতে নেব।’ তিনি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর সমর্থকেরা আমার লোকজনকে পোস্টার লাগাতে দিচ্ছেন না। এমনকি প্রচার-প্রচারণা চালাতেও বাধা দিচ্ছেন।’