দলীয় পদ হারালেও লতিফ স্বতন্ত্র সাংসদ থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আবদুল লতিফ সিদ্দিকীর দলীয় সদস্যপদ চলে গেলেও তাঁর সংসদ সদস্যপদ বাতিল হবে না। তিনি তখন স্বতন্ত্র সাংসদ হিসেবে থাকবেন। তিনি বলেন, লতিফ সিদ্দিকীর আসনটি শূন্য ঘোষণা করতে হলে স্পিকার বা নির্বাচন কমিশন আদালতের কাছে মতামত চাইতে পারেন।
গতকাল সোমবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেন এসব কথা বলেন।
মন্ত্রিত্ব থেকে লতিফ সিদ্দিকীর অপসারণকে বাংলাদেশের সংসদীয় শাসনব্যবস্থায় প্রথম ঘটনা উল্লেখ করে সুরঞ্জিত সেন বলেন, মন্ত্রিসভা থেকে অপসারণ ও দল থেকে তাঁর বহিষ্কারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত সহজে নিয়েছেন, বিষয়টি ততটা সহজ ছিল না। তিনি অত্যন্ত শালীনতা ও ধৈর্যের সঙ্গে বিষয়টির মীমাংসা করেছেন। এর আগে গত রোববার আওয়ামী লীগের
কার্যনির্বাহী সংসদের সভা শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, দলীয় সদস্যপদ হারানোর পর লতিফ সিদ্দিকীর সংসদীয় আসন শূন্য হয়ে যাবে। সেখানে উপনির্বাচন হবে। এ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘সৈয়দ আশরাফ একই সঙ্গে দল ও সরকারেরও নীতিনির্ধারক। তাঁর বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ধৃষ্টতা আমার নেই। আমি শুধু সাংবিধানিক ব্যাখ্যা দিয়েছি।’