দলীয় পৌর নির্বাচনে নির্দলীয় আচরণবিধি হাস্যকর: হাছান মাহমুদ
পৌর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধিকে হাস্যকর বলে উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, এ ধরনের আচরণবিধি উদ্ভট মস্তিষ্কপ্রসূত। তিনি বলেন, দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে, দলীয় প্রতীকে নির্বাচন হবে, অথচ দলের সভানেত্রী, মন্ত্রী কিংবা কোনো জনপ্রতিনিধির প্রচারণায় অংশগ্রহণের কোনো বিধান নেই। এ ধরনের অদ্ভুত আচরণবিধি পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশনের বিজ্ঞ ব্যক্তিদের প্রতি আমার অনুরোধ, দয়া করে ভারত, ব্রিটেনসহ বিভিন্ন দেশের নির্বাচনী আচরণবিধি পড়ে দেখুন। সেখানে দলীয় নির্বাচনে দলীয় প্রধানসহ দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করতে পারে।’
দেশে আইএস আছে বলে যে ধোঁয়া ওড়ানো হচ্ছে, তা আসলে বাংলাদেশের বিরুদ্ধে জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রেই যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে উৎখাত করানো যাচ্ছে না, তখন দেশি-বিদেশি চক্রটি বিদেশিদের ওপর, শিয়া সম্প্রদায়ের ওপর হামলার পর যুক্তরাষ্ট্র অথবা অন্য দেশ থেকে ই-মেইলের মাধ্যমে হামলার দায় স্বীকার করে কোনো জঙ্গি সংগঠনের নামে বিবৃতি প্রদান করা আসলে একটি গভীর ষড়যন্ত্র।
সংগঠনের উপদেষ্টা জাকির আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।