দলীয় প্রতীক না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন উপজেলা বিএনপির সভাপতি বর্তমান মেয়র মনছুরুল ইসলাম। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত মঙ্গলবার বিকেলে তিনি স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।
কৌশলগত কারণে মনছুরুল স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে জানিয়েছে বিএনপি। এখানে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক চেয়ে অন্য কোনো প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেননি। মনছুরুলসহ ওই পৌরসভায় মেয়র পদে চার প্রার্থীর মধ্যে তিনজনই স্বতন্ত্র। দলের হয়ে একমাত্র প্রার্থী হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক।
পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ পৌরসভায় নির্বাচন হবে আগামী ৭ আগস্ট। মঙ্গলবার মনোনয়নপত্র জমার শেষ দিনে মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত মো. ময়নুল হক, মনছুরুল ইসলাম (স্বতন্ত্র), উপজেলা জামায়াতের সাবেক আিমর কাজী আবু জাফর মোহাম্মদ জুল কাদের (স্বতন্ত্র) ও আওয়ামী লীগের বিদ্রোহী মো. আবু সুফিয়ান (স্বতন্ত্র)।
এ বিষয়ে কথা বলতে মনছুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. সামসুজ্জামান বলেন, কৌশলগত কারণে মনছুরুল ইসলাম দলের প্রতীক নেননি। দলীয় সিদ্ধান্তে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২২ জুলাই প্রত্যাহারের শেষ দিন ও ২৩ জুলাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।