দলীয় প্রতীক হলেই নির্বাচনে জিতবে, ভাবার কারণ নেই: শাহ নেওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেছেন, দলীয় প্রতীকে নির্বাচন হলেই কেউ জিতে যাবে, এটি ভাবার কোনো কারণ নেই। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শাহ নেওয়াজ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের কঠোর নির্দেশনা রয়েছে। এ ক্ষেত্রে কেউ যদি জোর খাটাতে চায় কিংবা গোলযোগ সৃষ্টি করে তাহলে নির্বাচন কমিশন থেকে নিয়োগ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবেই আইনি ব্যবস্থা নেবেন। কোনো অনিয়ম হতে দেওয়া হবে না। সবার ভোট সবাই দেবে। এ ক্ষেত্রে কেউ বাধা প্রদান করলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ দেওয়া আছে। কেউ যদি এসব কাজে ব্যর্থতার পরিচয় দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী।