দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে আপত্তি বিএনপির
রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার বিষয়ে আপত্তি তুলেছে বিএনপি। বিষয়টি তারা আজ রোববার লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছে।
তবে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, বিএনপির আপত্তিতে তাদের কিছু করার নেই।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এ সংক্রান্ত চিঠি আজ কমিশনে পৌঁছে দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ বরাবরে লেখা চিঠিটি রুহুল কবির কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের কাছে পৌঁছে দেন। চিঠিতে ইউপি নির্বাচন আগের মতো নির্দলীয়ভাবে করার অনুরোধ জানানো হয়।
পরে রুহুল কবির সাংবাদিকদের বলেন, ইউনিয়ন পরিষদে প্রার্থীরা ব্যক্তি পরিচয়ে পরিচিত, রাজনৈতিক পরিচয় কাজ করে না। তাই দলীয়ভাবে নির্বাচন করা অযৌক্তিক। দলীয়ভাবে নির্বাচন হলে সামাজিকভাবে বিরূপ প্রতিক্রিয়া হবে। সামাজিক বন্ধন বিনষ্ট হবে। গ্রামে গ্রামে সংঘাত ছড়িয়ে পড়বে। তিনি আরও বলেন, পৌরসভার মতো ইউপিতেও একতরফা নির্বাচন হবে। তারপরও গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইউপি নির্বাচনের আইন সংশোধন হয়েছে। তখন বিএনপি আপত্তি করেনি কেন? জানতে চাইলে রুহুল কবির বলেন, আমরা এর আগে পৌরসভা নির্বাচনেও বিষয়টি জানিয়েছি। কিন্তু কমিশন তা আমলে নেয়নি।
পরে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, সরকার দলীয়ভাবে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। সে জন্য আইন সংশোধন হয়েছে। এ বিষয়ে কমিশনের কিছুই করার নেই। এ ছাড়া আইনের আলোকে বিধিমালা করে গেজেট প্রকাশ করা হয়েছে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রশ্ন হলো এ অবস্থায় বিএনপি কেন আপত্তি তুলছে, আগে কেন আপত্তি করেনি?