দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে বিএনপি তৃণমূল পর্যায়ে এখনো বেঁচে আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শনিবার নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুরে নোয়াখালী-২ আসনের সাংসদ মোরশেদ আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপের বেঙ্গল ফিড অ্যান্ড ফিশারিজ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সেতুমন্ত্রী আরও বলেন, প্রতীক থাকায় তৃণমূলের মানুষ ধানের শীষ দেখে বিএনপিকে মনে রেখেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংসদ মোরশেদ আলম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশিদ, জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্লাহ, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি নিজেই নিজেদের বাধা। বড় দল হিসেবে তারা ভয়কে জয় করতে পারেনি। ভয়কে জয় করার সাহস তাদের নেই। এত বছরেও তারা একটি বড় আন্দোলন সংগঠিত করতে পারেনি। বড় দলের বড় সাহস না থাকলে দল সংকুচিত হবেই। বিএনপিকে মনে রাখতে হবে তাদের বড় সংকট সাহস না থাকা।’