দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের যাত্রাতেই খুঁত রয়েছে: মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দলীয় ভিত্তিতে ও দলের প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত ঐতিহাসিক। তবে এর যাত্রার শুরুতেই খুঁত রয়ে গেল। জাতীয় সংসদে পৌরসভা নির্বাচন আইন সংশোধিত হলেও কাউন্সিলরদের এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়ায় মাথা থেকে ধড় আলাদা করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকারে দলভিত্তিক নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূলে গণতান্ত্রিক রাজনীতির যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল শুক্রবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভায় সূচনা বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। ওয়ার্কার্স পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
রাশেদ খান মেনন আরও বলেন, স্থানীয় সরকারে নির্দলীয় নির্বাচন চালু করে আইয়ুব খান তাঁর মৌলিক গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। উনসত্তরের গণ-অভ্যুত্থানে তার থেকে মুক্তি পাওয়া গেলেও এ দেশের ক্ষমতা দখলকারী সামরিক শাসকেরা সেই উত্তরাধিকার বা লিগ্যাসি অব্যাহত রাখেন। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পরও তার পরিবর্তন হয়নি। শেখ হাসিনার এই সিদ্ধান্তে সেই লিগ্যাসি থেকে বেরিয়ে আসা গেছে, তবে দ্বিধা কাটেনি। কাউন্সিলর পদে দলবিহীন নির্বাচন তারই প্রতিফলন।
স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে রাশেদ খান মেনন বলেন, এই নির্বাচন হবে নির্বাচন কমিশন ও সরকারের জন্য কঠিন পরীক্ষা। তিনি নির্বাচনী আচরণবিধি প্রণয়ন ও তার পরিপূর্ণ প্রয়োগের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাংসদ ফজলে হোসেন বাদশা, পার্টির স্থানীয় ও পার্লামেন্টারি বিভাগের ইনচার্জ আনিসুর রহমান মল্লিক, বিমল বিশ্বাস, নুরুল হাসানসহ অন্য নেতারা। সভায় দলের নির্বাচনী প্রতীক ‘হাতুড়ি’ সংবলিত পোস্টার ও প্রচারপত্র বিলি এবং স্থানীয় সরকার নির্বাচনে তহবিলের জন্য জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহের সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।