দলীয় প্রধানের সফর নিয়ে দুই পক্ষের পৃথক প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৬ অথবা ১৩ নভেম্বর কুমিল্লায় আসছেন। দলীয় প্রধানের সফর সামনে রেখে দ্বিধাবিভক্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা আলাদা প্রস্তুতি সভা করছেন। ইতিমধ্যে কুমিল্লা টাউন হল মাঠ বরাদ্দ চেয়ে দুই পক্ষ আবেদন করেছে।
দলীয় প্রধানের সফর ঘিরে ২৭ অক্টোবর ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কুমিল্লার ১১টি আসনের দলীয় সাবেক সাংসদ, মেয়র, বিগত দিনের মনোনয়ন প্রত্যাশী নেতা, কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দলের বিভিন্ন পর্যায়ের অন্তত ১০ জন দায়িত্বশীল নেতা-কর্মীর সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা জানান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক ওরফে সাক্কু এবং অপর অংশের নেতৃত্বে আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ ওরফে ইয়াছিন। উভয় নেতা তাঁদের অনুসারীদের দিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের আলাদা কার্যক্রম চালাচ্ছেন। এমন একটি পরিস্থিতিতে খালেদা জিয়া কুমিল্লায় আসছেন। তবে তাঁর জনসভার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
মনিরুল হক আগামী ৬ ও ৭ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠ বুকিং চেয়ে আবেদন করেছেন। অন্যদিকে আমিন-উর রশিদের পক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সার ৬ অথবা ১৩ নভেম্বর একই মাঠ বুকিং চেয়েছেন।
খালেদা জিয়ার কুমিল্লায় আগমন উপলক্ষে মেয়রের অনুসারী কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা হয়। ওই কমিটির আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা কমিটির সদস্যসচিব রেজাউল হক ও মহানগর কমিটির আহ্বায়ক মাহবুবুল আলমসহ উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার রাতে নগরের বাদুরতলা এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে তাঁর বাসায় বৈঠক হয়। এতে সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে আমিন-উর রশিদ জানান, আলাদাভাবে যে কেউ প্রস্তুতি সভা করতে পারেন। জনসভার তারিখ ৬ অথবা ১৩ নভেম্বর হতে পারে। ঢাকায় ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির অনুষ্ঠান সবাইকে নিয়েই করা হবে।
মনিরুল হক বলেন, ‘কুমিল্লার জনসভার দায়িত্ব দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দেওয়া হয়েছে। উনি দেশের বাইরে আছেন। ফিরে এলে তাঁর সঙ্গে কথা হবে। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি আবারও কথা বলবেন। এখনো দলের মহানগর কমিটি হয়নি। এর পরও নেত্রীর অনুষ্ঠান সফল করার জন্য সবাই কাজ করছেন। কুমিল্লায় দলের দায়িত্ব রাবেয়া আপা ও ইয়াছিনের (আমিন-উর রশিদ) কাছে। তাঁরা তো ডাকে না। আমি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে দল করছি। দলের সব কর্মসূচি পালন করছি। দলের পক্ষে আমি টাউন হল বুকিং দিয়েছি।’
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী জানান, সবাইকে নিয়ে নেত্রীর জনসভা সফল করা হবে। প্রত্যেকে মান-অভিমান ভুলে একসঙ্গে কাজ করবে।