দলীয় প্রস্তুতি ও ইসির ওপর চাপ দুটোই চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন দাবি তোলা—দুটোই সমানতালে চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। বিএনপি ও জাতীয় পার্টি নির্বাচন পেছানোর দাবি তুললেও প্রার্থী বাছাইসহ সব কাজ চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ও জাপা প্রার্থীদের প্রচারে সাংসদদের অংশগ্রহণের জন্য বিধি সংশোধনের দাবি করেছে।
রাজনৈতিক দলগুলোর এই কৌশলী চাপে ব্যতিব্যস্ত নির্বাচন কমিশন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিবৃতি দিয়ে নির্বাচন পেছানোর দাবি জানালেও আনুষ্ঠানিকভাবে কমিশনকে গতকাল পর্যন্ত কিছু বলেনি।
দলগুলোর দায়িত্বশীল সূত্র জানায়, শেষ মুহূর্তের এই দাবিগুলো পূরণ হবে না বলে মনে করছেন তাঁরাও। আওয়ামী লীগ সাংসদদের ক্ষোভ সামলানোর জন্য প্রচারে অংশ নেওয়ার দাবি তুলেছে। জাপা নির্বাচন পেছানোর দাবি করলেও দলের মহাসচিব বলেছেন, তাঁরা ১৫০টি পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করেছেন। এর মধ্যে বিএনপির নেতা-কর্মীদের মুক্তির দাবিটি গুরুত্বপূর্ণ মনে করা হলেও তাঁরা কমিশনের কাছে এর কোনো হিসাব উপস্থাপন করেননি। গতকাল সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ তৃণমূল থেকে ৫০টি পৌরসভার মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করে পাঠিয়েছে।
গতকাল রোববার সকালে প্রথম জাতীয় পার্টির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর যথাক্রমে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি সিইসির সঙ্গে দেখা করে দাবি জানান। কমিশন আজ সোমবার তাদের সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে।
এই তিন দলের একাধিক জ্যেষ্ঠ নেতা ও নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর আর এসব দাবির কোনোটাই পূরণ হওয়ার সম্ভাবনা কম। সরকারি দলের সাংসদদের ক্ষোভ প্রশমনের জন্যই দলের নীতিনির্ধারকেরা নির্বাচন কমিশনে আবেদন করার পরামর্শ দিয়েছিলেন। তাঁরা সেই আনুষ্ঠানিকতা সেরেছেন। ভবিষ্যতে স্থানীয় নির্বাচনে যাতে সাংসদদের প্রচারের সুযোগ রাখা হয়, সে জন্য এটা কমিশনকে চাপে রাখার কৌশল মাত্র। অন্যদিকে বিএনপি ও জাতীয় পার্টি দাবি তুললেও বাস্তবতা মেনে এর জন্য নির্বাচন থেকে সরে দাঁড়াবে এমন অবস্থানে নেই। সরকারের ধরপাকড় বন্ধ ও আটক নেতাদের ছেড়ে দেওয়ার দাবি পূরণ হলেই বিএনপি সন্তুষ্ট থাকবে।
বিকেলে সিইসি কাজী রকিবউদ্দীন সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। ৭ ফেব্রুয়ারির মধ্যে পৌরসভাগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। ভোটার তালিকা হালনাগাদের কাজ চলায় জানুয়ারিতে নির্বাচন সম্ভব নয়। একই সময়ে বিশ্ব ইজতেমা হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একটার পর একটা পরীক্ষা চলবে। সে কারণে আমাদের ৩০ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। তা না হলে আইন ভঙ্গ হবে। তবু বিএনপি ও জাতীয় পার্টির আবেদন কমিশনে আলোচনা করে সিদ্ধান্ত জানাব।’
সাংসদের নির্বাচনী প্রচারে নামার সুযোগ দেওয়া-সংক্রান্ত দাবির বিষয়ে সিইসি বলেন, ‘রাজনৈতিক দল কিছু দাবি করলে তা আমাদের বিবেচনা করতে হবে। আমরা যদি আইনের মধ্যে থেকে কিছু করতে না পারি, সেটা তাদের জানিয়ে দেব। সেটাও কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নিতে হবে।’
জাতীয় পার্টির প্রতিনিধিদলের প্রধান মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, প্রার্থী বাছাই ও চূড়ান্ত করতে সময় লাগবে। এ জন্যই নির্বাচন ১০ দিন পেছানোর দাবি করেছেন। সাংসদের প্রচারের সুযোগের বিষয়ে তাঁরা আওয়ামী লীগের দেওয়া যুক্তিই তুলে ধরেছেন। তাঁরা কমিশনে যান বেলা সাড়ে ১১টার দিকে।
আওয়ামী লীগের একটি নীতিনির্ধারণী সূত্র জানায়, গত বৃহস্পতিবার দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠকে সাংসদেরা পৌর প্রার্থীর প্রচারে অংশ নেওয়ার সুযোগ চাইলে দলীয় সভানেত্রী শেখ হাসিনা এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। জ্যেষ্ঠ নেতারা এ দাবির পক্ষে জাতীয় পার্টিকেও উৎসাহ দেন।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদলটি দুপুর সাড়ে ১২টার দিকে সিইসির কাছে যায়। সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, সাংসদদের কোনো নির্বাহী ক্ষমতা নেই। তাঁরা সরকারি সুবিধা ভোগ করেন না। নির্বাচনী প্রচারে নামার সুযোগ তাঁদের সাংবিধানিক অধিকার। সে জন্য আচরণবিধি সংশোধন করে সাংসদদের প্রচারে নামার সুযোগ করে দেওয়ার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ।
আচরণবিধি সরকারের আইন মন্ত্রণালয় যাচাই-বাছাই করার পর চূড়ান্ত হয়েছে। তখন আপত্তি জানাননি কেন জানতে চাইলে হানিফ বলেন, ‘আমরা সরকারের পক্ষে নই, দলের পক্ষে দাবি জানিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা চাই নির্বাচনে সব দল অংশ নেবে। এ বিষয়ে অন্য দলগুলো যে দাবি করেছে, কমিশন তা মেনে নিলে আমরা আপত্তি করব না।’
বিএনপির প্রতিনিধিদলটি যায় দুপুরের পর, নেতৃত্ব দেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক। তাঁদের মূল দাবি ছিল নির্বাচন ১৫ দিন পিছিয়ে দেওয়া এবং দলের গ্রেপ্তার নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া।
ওসমান ফারুক সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, যেভাবে ধরপাকড় চলছে, তাতে নির্বাচনে সবার জন্য সমান সুযোগের ক্ষেত্র থাকবে না। গ্রেপ্তার এড়াতে বিএনপির অসংখ্য নেতা-কর্মী এলাকাছাড়া। বিনা বিচারে দলের মহাসচিবসহ অসংখ্য নেতা-কর্মী জেলে। তিনি বলেন, ‘আমরা সবার মুক্তি দাবি করেছি। সরকারি কর্মকর্তা ও সাংসদেরা যাতে নির্বাচনকে প্রভাবিত করতে না পারেন, সেই ব্যবস্থা নিতে বলেছি। কমিশন আশ্বস্ত করেছে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সব ধরনের ব্যবস্থা নেবে।’
ওসমান ফারুক আরও বলেন, জানুয়ারিতে ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হবেন। তাড়াহুড়া না করে তফসিল ঘোষণা করা হলে তাঁরা ভোট দেওয়ার সুযোগ পাবেন। সে জন্য নির্বাচন ১৫ দিন পিছিয়ে দেওয়ার দাবি করা হয়। কমিশন আইনি বেড়াজালে আটকে থাকতে পারে না। আইন সংশোধনে করে হলেও নতুনদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত।
তফসিল না পেছালে বিএনপি কী করবে জানতে চাইলে ওসমান ফারুক বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। সব বিবেচনা করে জনস্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। সাংসদদের নির্বাচনী প্রচারে নামার সুযোগ দেওয়ার বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টির দাবি সম্পর্কে তিনি বলেন, সাংসদেরা নির্বাচনী প্রচারে নামলে সরকার ও কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
বিএনপির দাবির বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, যেকোনো আইনগত প্রক্রিয়ার পদক্ষেপ আদালতে যাবে। কাউকে যদি হয়রানি করা হয়ে থাকে, সে জন্য আদালত রয়েছেন। এক আদালতে না হলে তার ওপরে আদালত রয়েছেন। বিএনপির দাবির উত্তর সেখানে রয়েছে। তিনি বলেন, ‘আমি আশা করব তারা সেভাবে চেষ্টা করবে। তবু আমি মনে করি, কাউকে অযথা হয়রানি করা উচিত নয়। আশা করব এ বিষয়ে সবাই সজাগ থাকবে।’
বিএনপির একাধিক নেতা জানান, নতুন ভোটারদের সুযোগ দেওয়ার বিষয়ে যে দাবি বিএনপি করেছে, নির্বাচন ১৫ দিন পেছালেও তা পূরণ হয় না। সে জন্য দেড় মাস পেছানোর মত ছিল দলটির কারও কারও। শেষ পর্যন্ত তাঁরা মতৈক্যে পৌঁছাতে পারেননি। এ ছাড়া কারাবন্দীদের ছেড়ে দেওয়ার দাবি করার আগে দলটির কোন পৌরসভায় কতজন নেতা গ্রেপ্তার হয়েছেন, সেই তথ্য-প্রমাণ জোগাড় করে কমিশনে জমা দেওয়ার কথা বলেছিলেন দু-একজন নেতা। সেটাও তাঁরা করতে পারেননি।