দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আ.লীগ ও বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
দলীয় সূত্র জানায়, ২২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূলের বৈঠক হয়। গতকাল রোববার কেন্দ্র থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। আর বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে গত শনিবার।
উপজেলার নয় ইউনিয়নে আগামী ৩১ মার্চ নির্বাচন হবে।
আওয়ামী লীগ সূত্র জানায়, সৈয়দপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বারৈয়ারঢালায় বর্তমান চেয়ারম্যান রায়হান উদ্দীন রেহান, মুরাদপুরে জাহেদ হোসেন নিজামী, বাড়বকুণ্ডে বর্তমান চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজি, বাঁশবাড়িয়ায় বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, কুমিরায় মোরশেদুল আলম চৌধুরী, সোনাইছড়িতে মনির হোসেন, ভাটিয়ারীতে নাজিম উদ্দিন ও ছলিমপুরে বর্তমান চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, পৌরসভা নির্বাচনের মতো ইউপি নির্বাচনেও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী থাকার সম্ভাবনা নেই। দলের সিদ্ধান্তের বাইরে কেউ মনোনয়নপত্র জমা দিলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি সূত্র জানায়, সৈয়দপুরে ইউনিয়ন বিএনপির সহসভাপতি জিতেন্দ্র নারায়ণ দাশ, বারৈয়ারঢালায় ইউনিয়ন কৃষক দলের সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, মুরাদপুরে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন সোহেল, বাড়বকুণ্ডে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বাঁশবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর ভূঁইয়া, কুমিরায় ইউনিয়ন যুবদলের সভাপতি হেলাল উদ্দিন, সোনাইছড়িতে বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী, ভাটিয়ারীতে ইউনিয়ন যুবদলের সভাপতি মো. খোরশেদ আলম, ছলিমপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বিএনপির মনোনয়ন পেয়েছেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নির্বাচনে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা জামায়াত। উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার সিদ্দিক চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে বিএনপি ও জামায়াত আলাদাভাবে নির্বাচন করেছিল।