ফেনী সদর উপজেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তাঁদের দলীয় প্রার্থীদের ভয়ভীতি দেখাচ্ছেন সরকারি দলের প্রার্থী ও নেতা-কর্মীরা। কোথাও কোথাও প্রার্থীদের ঘরেও হামলা চালানো হচ্ছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী শহরের রামপুর এলাকার একটি বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু তাহের। এ সময় জেলা জাসাসের সদস্যসচিব হাফিজুর রহমান, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মাইন উদ্দিন আনসারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কফিল উদ্দিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনসহ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফেনী সদর উপজেলার ছনুয়া ইউপির বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. দাউদ বেলালকে সরকারি দলের প্রার্থীর ক্যাডাররা অস্ত্রের মুখে জিম্মি করে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করে। বালিগাঁও ইউপিতে সম্ভাব্য সদস্য পদপ্রার্থী কাজী মেহেদী হাসান সোহাগের বাড়িতে হামলার ঘটনা ঘটে। তা ছাড়া বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রার্থীসহ নেতা-কর্মীদের নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।