দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করা সাংসদদের বিষয়ে তদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে যেসব সাংসদ-নেতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় নেতা ও সাংগঠনিক সম্পাদকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের প্রতিবেদনের ভিত্তিতে প্রথমে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে। এরপর চূড়ান্ত শাস্তি।
গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বৈঠক থেকে বেরিয়ে এই তথ্য জানিয়েছেন।
বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতা জানান, দলের পরবর্তী জাতীয় সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছে ২৮ মার্চ। এখনো ১০টি সাংগঠনিক জেলার সম্মেলন সম্পন্ন হয়নি। চলতি মাসের মধ্যেই এসব জেলার সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। কারণ এই কমিটির মেয়াদ গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ছিল। জাতীয় সম্মেলনের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে।
এ ছাড়া পৌরসভা নির্বাচনে দলের যেসব নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদের সাময়িক বহিষ্কারাদেশ বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না, তা জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
একজন নেতা বলেন, বৈঠকে নড়াইলের সাংসদ কবিরুল হকের বিরুদ্ধে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার দায়ে শাস্তির দাবি করেন একজন নেতা। বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ ছিল কেন্দ্রীয় কমিটির সদস্য বরগুনার ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধেও। গতকালের বৈঠকে তিনি নিজেই উপস্থিত দাঁড়িয়ে বলেন, গণমাধ্যমের কথা ঠিক না। জবাবে সভাপতি শেখ হাসিনা বলেন, তদন্তেই বেরিয়ে আসবে কে দলের প্রার্থীর পক্ষে কাজ করেছে, আর কে করেনি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের সূচনা বক্তৃতা করেন। এ সময় গণমাধ্যমকর্মীরাও সেখানে ছিলেন।
খালেদা জিয়াকে জাতির কাছে জবাবদিহি করতে হবে: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘জলাতঙ্ক হলে নাকি সবাইকে কুকুরের বাচ্চা দেখে। ওনার দৃষ্টিতে সবকিছু কুকুরময় হয়ে গেল কেন? ওনাকে কোন কুকুর কামড় দিল?’ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ করে বলেন, ‘উনি বলেছেন, ওখানে (ভোটকেন্দ্রে) নাকি পুলিশ ছিল আর কুকুর ছিল। আরে ওখানে তো ভোটিং অফিসার ছিল, সাংবাদিক ছিল, ভোটার ছিল। সাধারণ মানুষ ভোট দিতে গেল—সবাইকে উনি কুকুর হিসেবে দেখলেন।’ তিনি বলেন, ‘এটা কোন ধরনের কথা যে, ভোটারকে উনি কুকুর বললেন।’ তিনি বলেন, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা আর ভোটারদের কুকুর বলা, এটার জন্য খালেদা জিয়াকে জাতির কাছে জবাবদিহি করতে হবে। ভোটারদের ‘কুকুর’ বলায় বাংলাদেশের কাছে তওবা ও ক্ষমা চাওয়া উচিত।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির জনসভায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে কেউ যায়নি। ২০-দলীয় জোট নির্বাচনে অংশ নেয়নি। ভোটকেন্দ্রে কুকুর শুয়ে ছিল। ভোট দিলে কুকুরই দিয়েছে, মানুষ ভোট দেয়নি।’
শেখ হাসিনা বলেন, মানুষ পুড়িয়ে হত্যা করার জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত। না হলে ভবিষ্যতে মানুষের ভাগ্য নিয়ে আবার ছিনিমিনি খেলার চেষ্টা করতে থাকবেন। বেতন-ভাতা ১২৩ ভাগ বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এত বেতন-ভাতা পৃথিবীর কোনো দেশ বাড়াতে পারেনি। তবে এটা ঠিক, পেটে যখন ক্ষুধা থাকে, তখন সামান্য দিলেই সবাই সন্তুষ্ট হয়। আর যখন ক্ষুধার জ্বালা দূর হয়ে যায় এবং বেশি প্রাচুর্য পেয়ে যায়, তখন আবার প্রেসটিজ-আরাম আয়েশ, সম্মান, পদায়ন নানা কথা স্মরণে আসে।’ তিনি বলেন, ‘এত কিছু দেওয়ার পরও কোনো কোনো মহলে তৃপ্তি কেন হলো না, এটা আমার বোধগম্য না। যে যেখানে যায়, সেখানে তো নীতিমালা মেনেই যায়, দেখেই যায়। তাদের তো একটা ডিসিপ্লিন মেনে চলতে হবে। সেই ডিসিপ্লিন ভঙ্গ করবেন, কোন পদ, কার সঙ্গে কার তুলনা! যে তুলনা হয় না, যে তুলনা করা মানে নিজেদের ছোট করা। সব জায়গায় দেখি ক্ষুদ্র একটা গোষ্ঠী।’
মেট্রোরেল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক-শিক্ষার্থীর করা আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের অ্যালাইনমেন্ট তো আজকের না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র ও কর্মচারীদের কথা চিন্তা করেই এই অ্যালাইনমেন্টটা দিলাম যে, সেখানে একটা স্টেশন হবে; ওই উত্তরা থেকে মাত্র ১০ মিনিটে চলে আসবে। সেখানে সয়েল টেস্ট হয়ে গেছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিন্তু কথাও হয়েছে। হঠাৎ দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র-শিক্ষক আন্দোলনে নেমে গেল। তাদের নাকি পরিবেশ নষ্ট হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেতরে তো রেললাইনই আছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই প্রজেক্ট আমরা শুরু করেছি, সেটা বাধাগ্রস্ত করা মানে সেটার কাজ সেখানে মুখ থুবড়ে পড়বে। যাদের কাছ থেকে আমরা অর্থ ধার নিচ্ছি, তারা অর্থ দেওয়া বন্ধ করে দেবে। আর উন্নয়নটা হবে না।’ তিনি বলেন, ‘উন্নয়নের কাজে দয়া করে কেউ বাধা দেবেন না। কার কী অসুবিধা আমরা বুঝি, সে ব্যবস্থা আমরা নেব।’