দলীয় প্রার্থীর বিরুদ্ধে মাঠে আ.লীগের একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে মাঠে নেমেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। এতে দলীয় প্রার্থী সৈয়দ আইয়ুব আলী বিপাকে পড়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুর রহমান জিন্নাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচীন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী আইয়ুবের পক্ষে নেই। সাবেক কয়েকজন নেতাও রয়েছেন এ তালিকায়। এর মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক দুই সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক আহম্মেদ ও সৈয়দ মহম্মদ আলী। তাঁরা দলীয় মনোনয়নবঞ্চিত হলেও প্রার্থী হওয়া সোহরাব হোসেন বিশ্বাসের পক্ষে কাজ করছেন।
প্রার্থী আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, সভাপতি সুবাস বোসসহ কয়েকজন নেতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সোহরাবের পক্ষে গণসংযোগও করছেন। এর মাধ্যমে তাঁরা তাঁকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন। এসব নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার করেছেন সুবাস বোস ও ফজলুর রহমান। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান বলেন, ‘প্রথম দিকে আমি আইয়ুব আলীর পক্ষে কাজ করেছি। কিন্তু শারীরিক অসুস্থার কারণে কোথাও বের হতে পারছি না।’ সভাপতি সুবাস বোস বলেন, ‘আমি কারও পক্ষে নির্বাচনী কাজ করছি না। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, দুজন প্রার্থীই আওয়ামী লীগের হওয়ায় এ ব্যাপারে কোনো নির্দেশনা নেই। ব্যক্তি ইমেজের ওপর ভর করে যিনি পারবেন, তিনি জয়ী হবেন।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু বলেন, যেসব নেতা দলীয় প্রার্থীকে বাদ দিয়ে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাঁদের তালিকা ইতিমধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে।