দলীয় মনোনয়ন পাননি দলবদলকারী দুই নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলায় দলবদলকারী দুই নেতা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁদের একজন আওয়ামী লীগ ও অন্যজন বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত নজরুল ইসলাম প্রধান উপজেলার মধুপুর ইউপির বর্তমান চেয়ারম্যান।
দ্বিতীয় ধাপে ৩১ মার্চ উপজেলার ছয়টি ইউপিতে নির্বাচন হবে। গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। চেয়ারম্যান পদে ৩২, সাধারণ সদস্যপদে ২৩১ ও সংরক্ষিত ওয়ার্ডে ৮৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এলাকাবাসী ও আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার মধুপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম প্রধান বিএনপির ইউনিয়ন কমিটির সহসভাপতি ছিলেন। ২০১৪ সালে তিনি দলবদল করে আওয়ামী
লীগে যোগ দেন। এরপর দলীয়ভাবে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত হলে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চান। কিন্তু দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক অসীম কুমার জৈনকে। অসীম মনোনয়নপত্র দাখিল করেছেন। পরে নজরুল ইসলামও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।
এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে সমর্থন দেওয়া হবে, এমন প্রতিশ্রুতিতেই বিএনপি ছেড়ে দলটিতে যোগ দিয়েছিলাম। কিন্তু আমাকে না দিয়ে অন্য একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি।’
এ ছাড়াও মধুপুর ইউপিতে বিএনপির মমিনুর রহমান, বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ ও সাবেক ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মুন্সি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল আলিম ও বাবুল মিয়া মনোনয়ন দাখিল করেছেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ ছেড়ে অনেক আগেই দলবদল করে বিএনপিতে যোগ দিয়েছিলেন মোস্তফা কামাল। তিনি এবার দিগদাইড় ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
জানতে চাইলে মোস্তফা কামাল বলেন, ‘উপজেলার সহসভাপতির পদ ছেড়ে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু দল এখন জিয়ার আদর্শের অনুসারীদের হাতে নেই। সে কারণে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’
দিগদাইড় ইউপিতে এ ছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ থেকে সাবেক ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, বিএনপির বর্তমান ইউপি চেয়ারম্যান মোকছেদ আলী প্রামাণিক, জাসদের হাসান আকবর আফজাল ও স্বতন্ত্র প্রার্থী মালেক উদ্দিন আলেক।