দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঈশ্বরদী যুবলীগের কার্যক্রম স্থগিত
দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক গতকাল বৃহস্পতিবার রাতে পাবনা জেলা যুবলীগের প্রেস বিজ্ঞপ্তিতে ঈশ্বরদীর দুটি কমিটি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত ১০টার পর কমিটির সব কার্যক্রম স্থগিত ঘোষণার প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও পাবনার স্থানীয় সংবাদপত্রে দেওয়া হয়েছে।
শরীফ উদ্দিন প্রধান বলেন, সান্তাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠান সফল করার জন্য গতকাল পাবনার সব কমিটির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ জেলার একটি হোটেলে। কিন্তু ঈশ্বরদী কমিটির নেতারা দলের নির্দেশ উপেক্ষা করে বৈঠকে যোগ দেননি। এমনকি কোনো খোঁজও নেননি। দলীয় এসব শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত উপেক্ষার অপরাধে ঈশ্বরদী কমিটির কার্যক্রম স্থগিত রাখার জন্য পাবনা জেলাকে নির্দেশ দেন। সে অনুসারে ঈশ্বরদী কমিটির সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে ঈশ্বরদীর দুটি কমিটিকে চিঠি দিয়ে জানানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, মাত্র ২ মাস ১৫ দিন আগে (১৯ নভেম্বর) ঈশ্বরদী প্লাজা কমিউনিটি সেন্টারে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। ওই সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ (তমাল), সাধারণ সম্পাদক হিসেবে রাজীব সরকার, পৌর কমিটির সভাপতি হিসেবে আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক হিসেবে আরিফুল ইসলামসহ চারজনের নাম ঘোষণা করা হয়।
যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা স্বীকার করে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দল করতে হলে দলীয় শৃঙ্খলা মানতে হবে। যাঁরা নির্দেশ উপেক্ষা করবেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাই দলীয় নেতা-কর্মীদের সতর্ক হওয়ার জন্য ওই আদেশ দেওয়া হয়েছে। জেলা কমিটি পরবর্তী বিষয়গুলো পর্যবেক্ষণ করবে।
ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ বলেন, একটু ভুল-বোঝাবুঝির কারণে এটা হয়েছে। ঘটনার দিন বৃহস্পতিবার তাঁরা যুবলীগের নেতাদের সঙ্গে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতে ছিলেন। এই সুযোগে কেউ বিষয়টি নিয়ে উসকানি দিয়েছে। দু-এক দিনের মধ্যে হয়তো বিষয়টি ঠিক হয়ে যাবে।