দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পদ হারালেন আ.লীগের দুই নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে কালিয়াকৈর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল রোববার কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছিম কবির ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার ওই দুই নেতাকে পদ থেকে অব্যাহতির চিঠি দেন।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন সরকার ও বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আ ফ আ হা জেহাদী মোজাদ্দেদী ওরফে আ. হাদি।
দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয় কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলিম আল রাজি ওরফে রাজিবকে। কিন্তু দলের সিদ্ধান্ত না মেনে ওই দুজন একই ওয়ার্ডে প্রার্থী হন। এ কারণে গতকাল দুজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার দুই নেতাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।