দলীয় সমর্থন প্রত্যাখ্যান করলেন বিএনপি-সমর্থিত প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। এই নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী দলীয় সমর্থন প্রত্যাখ্যান করে ব্যক্তিগতভাবে প্রচারণায় নেমেছেন। ফলে এই উপনির্বাচনে বিএনপি-সমর্থিত কোনো প্রার্থীই থাকছেন না।
এ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত এবং জামায়াত-সমর্থিত আলাদা প্রার্থী রয়েছেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ২১ নভেম্বর রাজশাহী নগরের উত্তরা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা পবা উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে পবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বকুল আহাম্মেদ শেখকে দলীয় প্রার্থী ঘোষণা করেন। তিনি গত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। গত মঙ্গলবার প্রার্থীর বাসায় এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতারা বকুলকে পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেন।
সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে নেতা-কর্মীরা প্রার্থীকে নিয়ে নির্বাচনী খরচের হিসাব করতে বসেন। হিসাব শুনে একটু বাইরে যাওয়ার কথা বলে প্রার্থী বকুল বাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় নেতারা তাঁর অপেক্ষায় তাঁর বাসায় বসে থাকেন। কিছুক্ষণ পরে তাঁরা বকুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে অধৈর্য হয়ে নেতারা তাঁর বাসা থেকে উঠে চলে যান। নেতারা তাঁর ফোনের জন্য পরবর্তী ২৪ ঘণ্টা অপেক্ষা করেন। কিন্তু তিনি দায়িত্বশীল কোনো নেতাকে আর ফোন করেননি। তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, বকুল একাই মোটরসাইকেল নিয়ে এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বাধ্য হয়ে নেতারা ফোন করে পবা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের জানিয়ে দেন যে বকুলের পক্ষে তাঁদের মাঠে থাকার কোনো প্রয়োজন নেই।
এ ব্যাপারে জানতে চাইলে বকুল আহাম্মেদ শেখ গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, তিনি বিএনপির পক্ষ থেকে গঠন করা নির্বাচনী কমিটিকে প্রত্যাখ্যান করেছেন। তাঁরা গত নির্বাচনে বিএনপির প্রার্থীর টাকাপয়সা লুটেপুটে খেয়েছেন। এবার তাঁরা বলেছেন, নির্বাচন করতে পৌনে এক কোটি টাকা লাগবে। তিনি দাবি করেন, তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা আছে; এই নির্বাচনী কমিটি তাঁর দরকার নেই। এতে তাঁরা যদি তাঁকে প্রত্যাখ্যান করেন, তাতেও ‘আল হামদুলিল্লাহ’। এঁরা জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদের কাছ থেকে টাকা খেয়ে এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি নাদিম মোস্তফাকে সব বলেছেন—এই নির্বাচনী কমিটির সঙ্গে তিনি নির্বাচন করবেন না। তিনি নিজেকে নাদিম মোস্তফার লোক বলেও দাবি করেন।
এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দলই তাঁকে দিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত স্থগিত করেছে।
২০১৪ সালের ৩১ মার্চ পবা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৮ সেপ্টেম্বর নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকবুল হুসাইন মারা যান। তাঁর মৃত্যুর পরে ১ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গত মঙ্গলবার। এ নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন উপজেলা যুবলীগের সভাপতি ও গত নির্বাচনের ভাইস চেয়ারম্যান মুনসুর রহমান। জামায়াত-সমর্থিত প্রার্থী হলেন আবুল কালাম আজাদ। এ ছাড়া মরহুম মকবুল হুসাইনের ছেলে গাজী সালাউদ্দিন, যুবলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন ও একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ জহুরুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।