
প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার রাজশাহী সফর উপলক্ষে তোরণ, ব্যানার ও ফেস্টুনে নেতাদের ব্যক্তিগত ছবি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী জেলা আওয়ামী লীগ। কিন্তু সাংগঠনিক সেই সিদ্ধান্ত অমান্য করে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে করা তোরণ, ব্যানার ও ফেস্টুনে দলীয় নেতা ও সাংসদেরা তাঁদের ছবি ব্যবহার করছেন।
প্রধানমন্ত্রী কাল বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুরের পর পবা উপজেলার হরিয়ান সুগার মিল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। সেখান থেকে তিনি রাজশাহীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর এই জনসভাকে সফল করতে ৫ সেপ্টেম্বর বর্ধিত সভা করে রাজশাহী জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জনসভা উপলক্ষে যেসব তোরণ, ফেস্টুন ও ব্যানার করা হবে তাতে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না। তবে তাঁরা নিজ নিজ সংগঠনের নাম ব্যবহার করতে পারবেন।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর জনসভাস্থলের আশপাশে ঘুরে দেখা গেছে, জনসভাকে কেন্দ্র করে অনেক ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাংসদেরা। রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী বাজারে একটি তোরণ নির্মাণ করেছেন কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী। এই তোরণের এক পাশে তিনি নিজের ছবি ব্যবহার করেছেন। কাটাখালী বাজার থেকে জনসভাস্থলের দিকে যেতে সড়কের দুই পাশে লাগানো হয়েছে অসংখ্য ফেস্টুন। যেগুলো রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের নামে লাগানো হয়েছে। আর এসব ফেস্টুনে রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিনের ছবি এবং তাঁর বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির ছবি ব্যবহার করা হয়েছে। এই সড়কে দুটি তোরণ নির্মাণ করা হয়েছে। বাগমারা উপজেলা আওয়ামী লীগের পক্ষে এই তোরণ দুটি নির্মাণ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক। এই তোরণ দুটিতেই নিজের বিশালাকৃতির ছবি ব্যবহার করেছেন এনামুল হক। পাশাপাশি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামানের ছবিও ব্যবহার করেছেন সাংসদ এনামুল। এই সড়কের দুই পাশে লাগানো বেশ কিছু ফেস্টুনে নিজের ছবি ব্যবহার করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়েব উদ্দিন। রাজশাহী জেলা যুবলীগের লাগানো ফেস্টুনে ব্যবহার করা হয়েছে যুবলীগের চেয়ারম্যানের ছবি।
জনসভাস্থলে গিয়ে দেখা যায়, মাঠের পূর্ব পাশে বিশালাকৃতির দুটি ব্যানার লাগানো হয়েছে। যেখানে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ আবদুল ওয়াদুদ ও সাংসদ আয়েন উদ্দিনের ছবি ব্যবহার করা হয়েছে। মাঠে নিজের ছবিসংবলিত ফেস্টুন টানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা। জনসভা উপলক্ষে পোস্টার সাঁটিয়েছেন সাংসদ আবদুল ওয়াদুদ। যেখানে তিনি নিজের ছবি ব্যবহার করেছেন। তবে এসবের বাইরেও শুধু সংগঠনের নাম দিয়ে টানানো ব্যানার–ফেস্টুনও চোখে পড়ে জনসভাস্থল ও তার আশপাশে।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন বলেন, সংগঠনের নেতা-কর্মীরা উৎসাহী হয়ে হয়তো ছবি ব্যবহার করেছেন। রাজনীতিতে এমন হয়ে থাকে। লায়েব উদ্দিন বলেন, ‘সাংসদদের ব্যানার–ফেস্টুন দেখে আমার কর্মীরাও ফেস্টুন করেছেন। তবে কেন্দ্রীয় নেতারা বলেছেন, মঞ্চের আশপাশে যাতে এমন পোস্টার না থাকে। তাই আমার ব্যানার জনসভাস্থলে লাগানো হয়নি।’ এ ব্যাপারে রাজশাহী-৫ আসনের সাংসদ আবদুল ওয়াদুদের মুঠোফোনে ফোন দিলে তিনি ধরেননি।