দলীয়ভাবে ইউপি নির্বাচনে আপত্তি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণার তিন দিন পর রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার বিষয়ে আপত্তি তুলেছে বিএনপি। দলটি গতকাল রোববার লিখিতভাবে এই আপত্তির কথা নির্বাচন কমিশনকে জানিয়েছে।
গতকালই অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন গণতন্ত্রের জন্য সহায়ক হবে না। ইউপি নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও বিএনপি অংশ নেবে।
এবারই প্রথম দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার ৭৫২টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন নিয়ে নিজেদের আপত্তির কথা জানাতে চিঠি নিয়ে নির্বাচন কমিশনে যায় বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বরাবর লেখা এই চিঠিতে সই করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠিটি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের কাছে পৌঁছে দেন। চিঠিতে ইউপি নির্বাচন আগের মতো নির্দলীয়ভাবে করার অনুরোধ জানানো হয়।
পরে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ইউপিতে প্রার্থীরা ব্যক্তি পরিচয়ে পরিচিত, রাজনৈতিক পরিচয় কাজ করে না। দলীয়ভাবে নির্বাচন হলে সামাজিকভাবে বিরূপ প্রতিক্রিয়া হবে। সামাজিক বন্ধন বিনষ্ট হবে। গ্রামে গ্রামে সংঘাত ছড়িয়ে পড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পৌরসভার মতো ইউপিতেও একতরফা নির্বাচন হবে। তারপরও গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পরে এ বিষয়ে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, সরকার দলীয়ভাবে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। সে জন্য আইন সংশোধন হয়েছে। আইনের আলোকে বিধিমালা করে গেজেট প্রকাশ করা হয়েছে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তাই বিএনপির আপত্তির বিষয়ে নির্বাচন কমিশনের এখন আর কিছু করার নেই। তিনি প্রশ্ন তোলেন, বিএনপি এখন কেন আপত্তি তুলছে? আগে কেন আপত্তি করেনি?
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা এর আগে পৌরসভা নির্বাচনের সময়ও বিষয়টি জানিয়েছি। কিন্তু কমিশন তা আমলে নেয়নি।’
বিএনপির এই আপত্তির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘দলীয়ভাবে ইউপি নির্বাচনের আইন পাস হয়েছে, ইতিমধ্যে তফসিলও হয়ে গেছে। এত দিন পর বিএনপির আপত্তির কথা মনে হয়েছে। আসলে বিএনপি জানে নির্বাচনে জয়ের কোনো সম্ভাবনা নেই। নিজেদের ব্যর্থতা থেকে দৃষ্টি ফেরাতে এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিএনপি এখন এসব খোঁড়া অজুহাত তৈরি করছে।’