দলে এরশাদের অবস্থান আরও দুর্বল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টিতে (জাপা) এরশাদের অবস্থান আরও দুর্বল হচ্ছে। দলের ওপর কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে তিনি যে নেতাকে দমাতে চান, ওই নেতার প্রতি রওশন এরশাদ ও সরকারের আনুকূল্য ততই বাড়ছে। এর সর্বশেষ উদাহরণ তাজুল ইসলাম চৌধুরীর বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়া। 
জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ এক সপ্তাহ আগে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে তাজুল ইসলামকে অব্যাহতি দিয়েছিলেন। এরপর গত বৃহস্পতিবার তাঁকে সংসদীয় কমিটির সভাপতি করেছে সরকার। তাজুল ইসলামকে সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ করেন সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।
এরশাদের ইচ্ছার বিরুদ্ধে এবং তাঁকে সম্পূর্ণ এড়িয়ে কদিন আগে কাজী ফিরোজ রশীদকে সংসদে বিরোধীদলীয় উপনেতা নির্বাচন করেন রওশনসহ দলের অধিকাংশ সাংসদ। এ নিয়ে স্ত্রী রওশনের সঙ্গে এরশাদের বিরোধের এখনো মীমাংসা হয়নি।
জাপার দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, তাজুল ইসলামকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করাতে জাপার সংসদীয় দলের প্রধান রওশনের সক্রিয় সহযোগিতা ছিল। এ মন্ত্রণালয়ের মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তাজুল ইসলামকে স্থায়ী কমিটির সভাপতি পদে নিয়োগ দিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সরকারের শীর্ষ মহলেরও সায় ছিল। এর আগে এ পদে ছিলেন আওয়ামী লীগের সাংসদ আলী আশরাফ।
জাপার রওশনপন্থী দুজন প্রভাবশালী নেতা এ প্রতিবেদককে জানান, তাজুল ইসলামকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার মধ্য দিয়ে এরশাদকে মূলত একটি সতর্ক বার্তা দিয়েছে সরকার ও রওশন। কারণ, এরশাদ যেভাবে দলের গঠনতন্ত্রের ৩৯ ধারার ক্ষমতা প্রয়োগ করে মসিউর রহমান ও তাজুল ইসলাম চৌধুরীকে জাপার সভাপতিমণ্ডলী থেকে অব্যাহতি দিয়েছেন, তা ভালোভাবে নেননি রওশন। মসিউর রহমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আর তাজুল ইসলাম সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ। এবার তাজুলকে স্থায়ী কমিটির সভাপতির পদ দিয়ে আরও ক্ষমতাশালী করা হলো।
এ ব্যাপারে জানতে চাইলে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, বিষয়টি জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ জানেন।
দলীয়প্রধান এরশাদ সম্পর্কে বাজে মন্তব্য করায় ১০ সেপ্টেম্বর মসিউর রহমান ও তাজুল ইসলাম চৌধুরীকে অব্যাহতি দেন এরশাদ। এর রেশ ধরে পরদিন সংসদের লবিতে জাপার মহাসচিবের সঙ্গে অশোভন বাগ্বিতণ্ডায় জড়ান মসিউর ও তাজুল ইসলাম। এর জের ধরে রাজধানীর কাকরাইলে প্রতিবাদ সমাবেশ করেন এরশাদপন্থী নেতারা। সেখানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া মসিউর ও তাজুলকে ‘তেলাপোকা’ আখ্যায়িত করে দুজনকে প্রতিহত করার ঘোষণা দেন। এ ছাড়া এরশাদের বাইরে দলে কেউ বিকল্প নেতৃত্ব সৃষ্টি করতে চাইলে, তাঁকে প্রতিরোধ করারও ঘোষণা দেন এরশাদপন্থী নেতারা।
ওই সমাবেশের পর তাজুলের নতুন পদপ্রাপ্তির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রেজাউল ইসলাম ভূঁইয়াও। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো মন্তব্য নেই। সরকার যা ভালো মনে করেছে, তা করেছে।’ তাজুল ইসলামের পদোন্নতি কী এরশাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করা? এ প্রশ্নের জবাবে তিনি দাবি বলেন, এ রকম হওয়ার কথা না।
আজ চীন যাচ্ছেন এরশাদ: জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ আজ শনিবার চীন যাচ্ছেন। তাঁর সঙ্গে এ সফরে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও যাচ্ছেন।
জাপার পক্ষ থেকে বলা হচ্ছে, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এরশাদের নেতৃত্বে জাপার প্রতিনিধিদল সে দেশে যাচ্ছে। তারা ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন।