দলে গণতন্ত্র চর্চার পরামর্শ বিএনপিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির এক আলোচনা সভায় বক্তারা দলটির ভেতরে গণতন্ত্র চর্চা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, এতে দল শক্তিশালী হবে। বিএনপির উচিত গণতান্ত্রিকভাবে সব জেলায় নেতা নির্বাচন করা।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন বলেন, সব জেলায় বিএনপির গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্ধারণ করা দরকার। এটাই একমাত্র পথ হওয়া উচিত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপের বিরোধিতা করে তিনি বলেন, পৃথিবীর কোথাও শিক্ষায় ভ্যাট নেই। সরকার এসব পদক্ষেপ তখনই নেয়, যখন তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। সরকার ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’—এ রকম অবস্থায় চলে এসেছে।
বিএনপির নেতাদের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘পার্টিতে গণতন্ত্র কেমন তা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। পার্টি তাতে শক্তিশালী হবে। না হলে আলোচনায় লোক আরও কমবে ভবিষ্যতে।’
শুধু খালেদা জিয়ার স্তুতি না করে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করারও আহ্বান জানান জাফরুল্লাহ। তিনি বলেন, ‘প্রশ্ন করেন সংগঠনের কী হবে? যদি খালেদা জিয়াকে জেল দেয় চেয়ারপারসনের দায়িত্ব কে নেবে? এগুলো আলাপ করেছেন, না খোদার ওপর ছেড়ে দিয়েছেন?’ মির্জা আব্বাসের আত্মগোপনে থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, টাকার লেনদেন হয়েছে বলে পুলিশ তাঁকে ধরছে না। এটি আব্বাস, খালেদা জিয়া, বিএনপি—সবার জন্যই ক্ষতিকর।
বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির গঠনতন্ত্রে যা আছে, সঠিকভাবে পালন করলে তা গণতন্ত্রের জন্য যথেষ্ট। কিন্তু যা আছে তা-ও পালন করা হয় না। দলের ভেতরে পুরোপুরি গণতন্ত্র চর্চা হয় না। তাঁর অভিযোগ, দলের কিছু নেতা নিজেদের স্বার্থে খালেদা জিয়াকে দিয়ে ‘অপকর্ম’ করান। পরে সাংবাদিকদের বলেন, দলে একজনের নির্দেশেই সব হয়।