দলে গ্রুপিং নেই: মির্জা আব্বাস

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস দাবি করেছেন, বিএনপিতে কোনো ‘গ্রুপিং’ নেই। গ্রুপ একটাই—সেটি খালেদা জিয়ার গ্রুপ।তিনি বা সাদেক হোসেন খোকা কোনো গ্রুপ তৈরি করেননি।
আজ বুধবার কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস এ কথা বলেন।
নতুন কমিটির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল সাংবাদিকদের বলেন, ‘মির্জা আব্বাস আমার বড় ভাই, আমি তাঁর ছোট ভাই। আমরা ভাই ভাই।’
নতুন কমিটিতে সোহেলকে সদস্য সচিব করা এবং সাদেক হোসেন খোকাকে কমিটিতে রাখায় মির্জা আব্বাস অসন্তুষ্ট হয়েছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র জানিয়েছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।
নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর আজ প্রথম তাঁরা নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ের মিলনায়তনে বৈঠক করেন।
বৈঠক থেকে ঈদের পর দলের কর্মসূচি পালনে ‘ঈমানী দায়িত্ব’ নিয়ে ঝাঁপিয়ে পড়তে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
দুপুর ১২টার দিকে শুরু হয়ে বৈঠক চলে প্রায় ৪০ মিনিট। প্রথম বৈঠকে কমিটির অন্তত ১২ জন উপস্থিত ছিলেন না।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে জেলায় জেলায় যে আন্দোলন হয়েছে, তা বিরল। কিন্তু রাজধানীতে সে রকম সূচনা হয়নি। এতে নেতা-কর্মীরা ঢাকা মহানগরের নেতৃত্ব ঢেলে সাজানোর দাবি করতে থাকেন। জনগণের প্রত্যাশা পূরণে এবং জগদ্দল পাথরের মতো চেপে বসা ‘আওয়ামী দুঃশাসনের’ বিরুদ্ধে সাংগঠনিক শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যাশায় ঢাকা মহানগরের সব ওয়ার্ড, থানাকে সুসংহত করতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এজন্য নতুন কমিটির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগর বিএনপির সব থানা ও ওয়ার্ডকে পর্যায়ক্রমে পুনর্গঠন করার এবং আন্দোলনের কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিগত সময়ে আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা, কারাবন্দীদের মুক্তি, খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব নেতা-কর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও র্যাব বিলুপ্তির দাবি জানানো হয়।
এর বাইরে সভায় গাজায় ইসরায়েলি হামলার নিন্দা ও মালয়েশিয়ার যাত্রীবাহী বিমানে হামলা ও প্রাণহানির ঘটনায় শোক জানানো হয়।
বৈঠকে অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু, সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ, নাসির উদ্দিন অসীম, মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।