দলে তিন ধারা, মূলধারা বীর বাহাদুর-নির্ভর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে বিএনপির কোন্দল ও নেতৃত্বের সংকটে পাঁচটি নির্বাচনে ফায়দা পাওয়া জেলা আওয়ামী লীগই এখন তিনটি ধারায় বিভক্ত হয়ে পড়েছে। দলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারের পর দলীয় সব কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ও সাংসদ বীর বাহাদুর উশৈসিনির্ভর হয়ে উঠেছে। অপর দুটি ধারার নেতৃত্বে আছেন যথাক্রমে বহিষ্কৃত সভাপতি ও সাধারণ সম্পাদক।
জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, এখনই শুদ্ধি অভিযান চালিয়ে গ্রহণ-বর্জনের সঠিক সিদ্ধান্ত নিয়ে দলকে ঐক্যবদ্ধ করতে না পারলে আগামী নির্বাচনে এর মাশুল দিতে হতে পারে।
দলীয় সূত্রগুলো বলছে, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। জেলা পরিষদের পদ ভাগাভাগি নিয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যে কোন্দল শুরু হয়। একপক্ষে ছিলেন জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি (বর্তমানে বহিষ্কৃত) প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা। অন্য পক্ষে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা (বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতি) ও তৎকালীন সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) কাজী মজিবুর রহমান। সেই কোন্দল দিনে দিনে বেড়েছে। একপর্যায়ে কাজী মজিবুর নিজস্ব বলয় তৈরি করেন। জেলা আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়ে তিন ধারায়। একটি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা-সমর্থিত, একটি কাজী মজিবুর রহমান-সমর্থিত এবং বীর বাহাদুরনির্ভর মূলধারা। সব কর্মসূচি পালন করছে মূলধারা।
সাংসদ বীর বাহাদুর বলেছেন, বড় দল হিসেবে আওয়ামী লীগে অনেক ধারা থাকতে পারে। দলীয় রাজনীতিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারার মতো পরিবেশ থাকলেই হলো। এ জন্য তিনি দলের সিদ্ধান্তের ভিত্তিতে কাজ করার চেষ্টা করছেন।
জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেছেন, গত বছরের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। দলে তাঁর একটি প্রভাব বলয় রয়েছে। দলের নেতাদের অভিযোগ, কাজী মজিবুরের ইন্ধনে গত ৬ জুন জেলা ছাত্রলীগের সম্মেলনে হামলা হয়। ওই সম্মেলনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় দলে বিভাজন সৃষ্টি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে গত জুলাই মাসে সাধারণ সম্পাদকের পদ থেকে কাজী মজিবুর এবং তাঁর সমর্থিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২২ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়। দলে কাজী মজিবুরেরও একটি প্রভাব বলয় রয়েছে। ছাত্রলীগের একাংশও তাঁর সমর্থক।
প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা বলেছেন, বিরোধী দল নির্বাচনে না আসায় তিনি ৫ জানুয়ারির নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। বিরোধী দল নির্বাচনে থাকলে তিনি আওয়ামী লীগের পক্ষেই কাজ করতেন।
জেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, বহিষ্কৃত সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার পক্ষ এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে দলে সক্রিয় রয়েছেন কাজী মজিবুরের সমর্থকেরা। এই অংশকে নিয়ে আওয়ামী লীগ কিছুটা সমস্যায় রয়েছে।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশসহ কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, কাজী মজিবুর রহমান দলকে ব্যবহার করে একটি প্রভাব বলয় তৈরি করেছেন।
অবশ্য কাজী মজিবুর রহমান দলে বিভাজন সৃষ্টি, ছাত্রলীগের হামলায় ইন্ধন দেওয়ার এবং অন্যান্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে অছাত্র ও নিষ্ক্রিয়দের ছাত্রলীগের কমিটিতে নেওয়ার ভুল সিদ্ধান্তের কারণে ওই সম্মেলনে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাঁর কোনো পক্ষ নেই এবং বীর বাহাদুরের নেতৃত্বে তিনি রাজনীতি করেন। তিনি বলেন, তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কার করা হয়েছে। বিষয়টি তিনি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবহিত করেছেন। সভানেত্রী তাঁকে কোনো চিন্তা না করে কাজ করার নির্দেশ দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা মারমা বলেছেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করা হবে। দলে উসকানিদাতা ও সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।