দলে নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় 'খান পরিবার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগে নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় প্রভাবশালী ‘খান পরিবার’। কারণ, একটি হত্যা মামলায় আসামির জবানবন্দিতে এই পরিবারের চার ভাইয়ের নাম আসায় জেলা শাখার আসন্ন কাউন্সিলে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা অনিশ্চিত হয়ে পড়েছে। পদে না থাকলে তাঁরা দলে নিয়ন্ত্রণ হারাবেন বলে মনে করেন নেতা-কর্মীরা।
আর পবিত্র হজ নিয়ে মন্তব্য করার পর আবদুল লতিফ সিদ্দিকী মন্ত্রিসভা থেকে অপসারিত ও দল থেকে বহিষ্কৃত হওয়ায় আরেক প্রভাবশালী ‘সিদ্দিকী পরিবারের’ প্রভাবও জেলা আওয়ামী লীগে নেই। এ কারণে টাঙ্গাইলের রাজনীতিবিদ ও সাধারণ মানুষ মনে করছেন, আওয়ামী লীগের আসন্ন জেলা কাউন্সিলে স্থানীয় রাজনীতিতে ‘পরিবারতন্ত্র’ খর্ব হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে ওই দুই পরিবারের বিরোধী ও পরিবারতন্ত্রের বাইরের নেতারা কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কাউন্সিল করতে গত সেপ্টেম্বরে চিঠি পাঠান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এদিকে জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় দুই আসামির জবানবন্দিতে ওই হত্যা ও হত্যার পরিকল্পনাকারী হিসেবে নাম আসে ‘খান পরিবারের’ চার ভাই সাংসদ আমানুর রহমান খান (রানা), টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান (মুক্তি), জাহিদুর রহমান খান (কাকন) ও সানিয়াত খানের (বাপ্পা)। সহিদুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলের জেলা কাউন্সিলে তাঁর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছিল।
জেলা আওয়ামী লীগের সূত্র জানায়, নাম আসার পর তাঁরা চার ভাই আত্মগোপনে আছেন। এ কারণে প্রার্থী হতে পারছেন না বলে তাঁরা এখনই কাউন্সিল হোক, তা চান না। বর্তমান কমিটি তাঁদের নিয়ন্ত্রণে থাকায় কাউন্সিলের তারিখ ঘোষণা অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু কেন্দ্র থেকে নভেম্বর ও চলতি মাসে দুই দফা নির্দেশনা দেওয়া হয়। এখন কাউন্সিলের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। আগামী মাসেই কাউন্সিল করা হবে। কেন্দ্র থেকে কাউন্সিলের সম্ভাব্য সময় জানুয়ারির তৃতীয় সপ্তাহের কথা জেলা নেতাদের বলা হয়েছে। কেন্দ্রের চাপ থাকায় বর্তমান নেতৃত্ব কাউন্সিল না করে পারবে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাউন্সিল হলে খান পরিবারের চারজনের কেউ গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হবেন না বলে তাঁদের ঘনিষ্ঠজনদের জানিয়েছেন।
চার ভাইয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জেলা আওয়ামী লীগের নেতারা জানান, সর্বশেষ জেলা কমিটির সভাপতি ছিলেন সাংসদ আমানুরের চাচা শামসুর রহমান খান। তাঁর মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া আলমগীর খান ওই পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সাংসদ আমানুরের বাবা আতাউর রহমান খান জেলা কমিটির বর্ষীয়ান সদস্য। আসন্ন কাউন্সিলে গুরুত্বপূর্ণ কোনো পদে প্রার্থী হওয়ার ঘোষণা এখনো তিনি দেননি। তাঁর তৃতীয় ছেলে সহিদুর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে মাঠেও নেমেছিলেন। কিন্তু এখন তিনি আত্মগোপনে থাকায় এ নিয়ে কোনো আলোচনা নেই। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ওই পরিবারের আর কারও নামও শোনা যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত জানুয়ারিতেই কাউন্সিল হলে গুরুত্বপূর্ণ পদগুলোতে পছন্দের নেতাদের বসানোর জন্য চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
দলীয় সূত্র জানায়, দল ক্ষমতায় থাকায় আত্মগোপনে থাকা কারও কাউন্সিলে প্রার্থিতার তেমন সুযোগ নেই। তা ছাড়া দলীয় এক নেতার হত্যার ঘটনায়ই তাঁরা আত্মগোপনে রয়েছেন।
এসব বিষয়ে জানতে কয়েকটি মাধ্যমে সাংসদ আমানুর ও তাঁর তিন ভাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। জাহিদুর ও সানিয়াত বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। অপর দুজন দেশে আত্মগোপনে আছেন বলে পুলিশ জানিয়েছে। এ দুজনকে ধরতে টাঙ্গাইল ও ঢাকার ডিবি পুলিশ কয়েক দফা অভিযানও চালিয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, তাঁদের লক্ষ্য ছিল ডিসেম্বরের মধ্যে সব কাউন্সিল করার। অনেকগুলো হয়েছে, টাঙ্গাইলেও শিগগিরই হবে। কারও জন্য কিছু আটকে রাখা যাবে না। কাউন্সিলররা যাঁদের চাইবেন, তাঁরাই দায়িত্বে আসবেন।
জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ২০০৪ সালের জানুয়ারিতে। ওই সম্মেলনে শামসুর রহমান খান সভাপতি ও ফজলুর রহমান খান সাধারণ সম্পাদক হন।
আসন্ন কাউন্সিলে সভাপতি পদ পেতে প্রকাশ্যে কাজ করছেন বর্তমান সাধারণ সম্পাদক ফজলুর রহমান। দলীয় সূত্র জানায়, খান পরিবারের সঙ্গে তাঁর সখ্য থাকলেও ঘনিষ্ঠ নন। সাধারণ সম্পাদক পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন খান পরিবারের বিরোধী হিসেবে পরিচিত যুগ্ম সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, নিহত ফারুকের আত্মীয় খন্দকার আশরাফুজ্জামান এবং খান পরিবারের পছন্দের বলে পরিচিত বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান ও সিরাজুল হক খান। নিহত ফারুকের স্ত্রী নাহার আহমেদকে গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে। তাঁর পদটি কেন্দ্র থেকে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে।
যোগাযোগ করা হলে নাহার আহমেদ প্রথম আলোকে বলেন, খান পরিবারকে রক্ষায় এবং দলে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে অনেকে কাজ করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর টেলিফোনে যোগাযোগ হয়েছে। তিনি এসব ব্যক্তির নামের তালিকা চেয়েছেন।
নাহার বলেন, ‘খান পরিবারের যারা খুনের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার চাই। ওরা বা ওদের দোসর কেউ যেন দলে ঠাঁই না পায়।’