দলে বিরোধিতার মুখে দবিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল, দবিরুল ইসলাম, আব্দুল হাকিম, মোস্তাক আলম
মির্জা ফখরুল, দবিরুল ইসলাম, আব্দুল হাকিম, মোস্তাক আলম

ঠাকুরগাঁও-২ আসনে টানা ছয়বারের সাংসদ আওয়ামী লীগের মো. দবিরুল ইসলাম। এবার তাঁর বিরোধিতা করে মনোনয়ন পাওয়ার আশায় মাঠে নেমেছেন দলের তিন নেতা। অবশ্য সাংসদের দুই ভাই ও ছেলেও মাঠে সক্রিয়। তবে তাঁরা সাংসদের বিরুদ্ধে নন।

বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার একাংশ নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসন। জামায়াতকে ছাড় দেওয়ার কারণে ১৯৯৬ সালের পর থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে পারেননি বিএনপির কর্মী-সমর্থকেরা। এবার তাঁরা এ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পেতে চান।

১৯৮৬ সাল থেকে আওয়ামী লীগের প্রার্থী দবিরুল ইসলাম টানা ছয়বার (’৯৬–র ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া) বিজয়ী হন। প্রথমবার তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে ১৫–দলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচিত হলেও ’৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিজয়ী হন। এরপর ’৯৬ সালে বড় ব্যবধানে জিতলেও ২০০১ ও ২০০৮ সালে অল্প ব্যবধানে জামায়াতের প্রার্থীকে পরাজিত করেন।

আওয়ামী লীগ
সাংসদ দবিরুল ইসলামের পাশাপাশি তাঁর দুই ভাই বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও জ্যেষ্ঠ সহসভাপতি সফিকুল ইসলামও এবার মনোনয়নপ্রত্যাশী। তবে সফিকুল বলছেন, বড় ভাই-ই তাঁদের পরিবারের মূল প্রার্থী, বাকিরা ‘ডামি’। মোহাম্মদ আলী বলেন, ‘রাজনীতিবিদের লক্ষ্য সংসদে যাওয়া। কারও ডামি হিসেবে নয়, চূড়ান্ত প্রার্থী হতেই মনোনয়ন চাইব।’

সাংসদের বড় ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম বাবার পাশাপাশি নিজেও গণসংযোগে নেমেছেন। তিনি অবশ্য বলছেন, বাবার জন্যই তিনি কাজ করছেন। বাবার পাশাপাশি তিনিও মনোনয়ন চাইবেন।

দলীয় সাংসদের বিরুদ্ধে ওঠা নিয়োগ–বাণিজ্য, পরিবারতন্ত্র, জমি দখলের অভিযোগকে কাজে লাগিয়ে মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক প্রবীর কুমার রায়, ডাকসুর সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম এবং হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শামীম ফেরদৌস।

প্রবীর কুমার গ্রামে গ্রামে গণসংযোগ করে নিজের ইচ্ছের কথা জানাচ্ছেন। বলছেন, ‘সাংসদ দবিরুল ইসলামের বিরুদ্ধে পত্রিকায় নানা অভিযোগ প্রকাশিত হয়েছে। তিনি বিতর্কিত হয়ে পড়েছেন। এ অবস্থায় শুধু জনগণ নয়, দলের নেতা–কর্মীরাও তাঁর বিকল্প খুঁজছেন।’

নির্বাচনী এলাকার হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে মোস্তাক আলম প্রচারপত্র বিলি করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন। পাশাপাশি মনোনয়ন প্রত্যাশার কথা বলে দোয়া চাইছেন। তিনি বলছেন, সাংসদ দবিরুল এখন জনগণ থেকে অনেকাংশে বিচ্ছিন্ন। অনেক বিষয় নিয়ে বিতর্কিত হয়ে পড়েছেন।

আরেক মনোনয়নপ্রত্যাশী এ কে এম শামীম ফেরদৌসও ভোটারদের সঙ্গে কথা বলছেন। সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে দেখা মিলছে তাঁর।

সাংসদ দবিরুল ইসলাম বলেন, দলের মধ্যে মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকতেই পারে। তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ জনগণ তাঁর সঙ্গেই রয়েছেন। এবারও মনোনয়ন লাভে তিনি শতভাগ আশাবাদী। আর মনোনয়ন পেলে অবশ্যই বিজয়ী হবেন। ভাবমূর্তি সংকট সম্পর্কে তাঁর দাবি, তাঁকে হেয় করতে বিরোধীরা এসব ছড়াচ্ছে। সারা দেশের ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়েও ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি এখানে আগেও সুবিধা করতে পারেনি, আগামী নির্বাচনেও পারবে না।

মহাসচিবকে চায় বিএনপি
’৯৬ সালের নির্বাচনে সর্বশেষ এ আসনে বিএনপি থেকে জেড এম মর্তুজা ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হলে ২০০১ ও ২০০৮ সালে জামায়াতকে ছেড়ে দেওয়া হয়। আর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে বিএনপি-জামায়াত জোট। এবার স্থানীয় বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে চাইছেন। গত বছরের মার্চে বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল। সেখানে নেতা-কর্মীরা তাঁকে ঠাকুরগাঁও-১ ও ২ আসনে প্রার্থী হওয়ার দাবি জানান।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টি এম মাহববুর রহমান বলেন, বালিয়াডাঙ্গী-হরিপুরে বিএনপির অনেক সুপ্ত ভোট রয়েছে। জামায়াতের খুব বেশি ভোট নেই। বিএনপির ওপর ভর করেই জামায়াত এখানে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। এ আসনে বিএনপির কোনো প্রার্থী মনোনয়ন পেলে আসনটি উদ্ধার করা খুব কঠিন হবে না। আর বিএনপির মহাসচিব এ আসন থেকে প্রার্থী হলে তো কথাই নেই।

হরিপুর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী বলেন, ‘এত কিছু বুঝি না। এ আসনে এবার ধানের শীষ প্রতীকে ভোট দিতে চাই।’

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহসভাপতি আবদুস সালাম এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জেড এম মর্তুজা এবারও এখানে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। দোয়া চেয়ে তিনি শুভেচ্ছা পোস্টার সাঁটিয়েছেন।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, মহাসচিবকে ঠাকুরগাঁও-২ আসন থেকে প্রার্থী হতে তৃণমূলের নেতা-কর্মীরা দাবি জানিয়েছেন। মহাসচিব কোন আসন থেকে সংসদ নির্বাচন করবেন, তা নির্বাচনী কৌশলের ওপর নির্ভর করছে।

গত দুটি নির্বাচনে জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা আবদুল হাকিম ২০–দলীয় জোটের প্রার্থী ছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন হলেও এ আসনে তিনি মনোনয়নপ্রত্যাশী ও জয়ের ব্যাপারে আশাবাদী। তবে বিএনপির মহাসচিব প্রার্থী হলে তিনি তাঁকে স্বাগত জানাবেন এবং জোট থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা মেনে নেবেন বলে জানান।