দলের কাজে নিষ্ক্রিয়, কোন্দলে সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্দ্বন্দ্বে পুড়ছে নওগাঁ জেলা বিএনপি। এর প্রভাব পড়েছে দলের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের ওপর। ফলে সরকারবিরোধী আন্দোলন দূরের কথা, দলীয় সাধারণ কর্মসূচিও পালন করতে পারছে না দলটি।
দলের নেতারা বলছেন, অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে কেন্দ্রীয়ভাবে এক ঘণ্টার কোনো কর্মসূচি ঘোষণা করা হলেও তা বাস্তবায়নের জন্য নেতা-কর্মীদের মাঠে-ময়দানে পাওয়া যায় না। অনেক সময় দেখা গেছে, কর্মসূচি নামমাত্র পালনেই সীমাবদ্ধ থেকেছেন নেতারা।
নওগাঁ বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, ২০১২ সালের সেপ্টেম্বরে দলীয় কার্যালয়ে সংঘটিত এক হামলার পর পাল্টা হামলার ঘটনায় নওগাঁ বিএনপিতে যে ক্ষতের সৃষ্টি হয়, তা আর শুকায়নি। বস্তুত, ওই ঘটনার পর দলের দুটি পক্ষ বিভক্ত হয়ে পড়ে। সে বিভক্তির রেশ এখনো চলছে।
যদিও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দাবি করেন, নওগাঁ বিএনপিতে কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং কিছুই নেই। সব কর্মসূচি তাঁরা সফলভাবে পালন করছেন বলে দাবি করেন তিনি।
মাঠপর্যায় কথা বলে জানা গেছে, বিভক্ত দুটি পক্ষের একটির নেতৃত্বে আছেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। তাঁর সঙ্গে আছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও ধামইরহাট-পত্নীতলা আসনের দলের সাবেক সাংসদ শামসুজ্জোহা। অপর পক্ষে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক। তাঁর সঙ্গে আছেন জেলার সাবেক তিন সাংসদ। তাঁরা হচ্ছেন সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিক, শামসুল আলম প্রামাণিক ও ছালেক চৌধুরী।
২০১২ সালের ১২ সেপ্টেম্বর নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে সভা চলাকালে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের একটি অংশের হামলায় জেলা বিএনপির সভাপতি সামসুজ্জোহা খানসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। সে রাতেই পাল্টা হামলা চালিয়ে কমিটির সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দুটি ঘটনায় শতাধিক নেতা-কর্মীকে আসামি করে পৃথক মামলা হয়। এর জের ধরে পরের মাসে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, নওগাঁ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লা হেল কাফিসহ বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়। কার্যত তখন থেকেই নওগাঁ বিএনপি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।
এরপর ২০১৪ সালের এপ্রিলে আবু বকর সিদ্দিককে আহ্বায়ক এবং সাবেক সাংসদদের সদস্য করে জেলা আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয় কেন্দ্রীয় দপ্তর থেকে। একই সঙ্গে ৪৫ দিনের মধ্যে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সব উপজেলায় কমিটি হয়নি। জেলার ১১টি উপজেলার মধ্যে সাতটিতে কমিটি করা হলেও তা নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপি একজন নেতা বলেন, নওগাঁয় বিএনপির সাংগঠনিক অবস্থা খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে যেসব কমিটি হয়েছে, সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় করা হচ্ছে না। কয়েকজন নেতার ইচ্ছামতো কমিটি করার কারণে দলের অনেক নেতা-কর্মী ক্ষুব্ধ।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলা ও পৌরসভার কমিটিগুলো গণতান্ত্রিকভাবে গঠন করা হচ্ছে না। বেশির ভাগই পকেট কমিটি। বিএনপির এই নেতা দাবি করেন, ‘পত্নীতলা ও ধামইরহাট উপজেলা এবং পৌরসভার চারটি কমিটি গঠনের কথা আমরা জানতেই পারিনি।’
এ বিষয়ে নজমুল হক বলেন, বিএনপির সব কর্মসূচি সফলভাবে পালন হচ্ছে না এটা ঠিক। দলীয় দুর্বলতার কারণে এটা হচ্ছে। ‘ত্যাগী’ নেতারা দলে স্থান পাচ্ছেন না। বর্তমান আহ্বায়ক কমিটির দুর্বলতার কারণে নওগাঁয় বিএনপির দলীয় কর্মসূচি সফলভাবে পালন না হওয়ার অন্যতম কারণ।
জেলা আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা জোরেশোরেই উপজেলা কমিটি গঠনের কাজ শুরু করেছি। ইতোমধ্যে ১১টি উপজেলা ও তিনটি পৌরসভার মধ্যে নয়টি কমিটি হয়েছে। তাঁর দাবি, নিয়ম মেনেই এসব কমিটি হয়েছে। জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিসহ অন্য কমিটিগুলো শিগগিরই গঠন করা হবে।