পটুয়াখালীতে অনেক দিন ধরে বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। জেলার নেতারা দলীয় কাজে নিষ্ক্রিয় হলেও অভ্যন্তরীণ কোন্দলে সক্রিয় রয়েছেন বলে অভিযোগ আছে।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পটুয়াখালী জেলা বিএনপিতে এখন দুটি ধারা। এর একটির নেতৃত্বে আছেন জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ রব মিয়া। আরেকটি ধারার নেতৃত্বে জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টি। ২০১২ সালের জানুয়ারিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি ও এম এ রব মিয়াকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠনের পর এই দুটি ধারা তৈরি হয়। তখন ওই কমিটি প্রত্যাখ্যান করেন আগের কমিটির সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকারসহ দলীয় নেতাদের একাংশ।
এর মধ্যে সভাপতি আলতাফ চৌধুরী বেশির ভাগ সময়ই ঢাকায় থাকেন। তাঁর কমিটির সাধারণ সম্পাদক রব মিয়াই মূলত এলাকায় এই পক্ষের নেতা-কর্মীদের দেখভাল করেন। দলের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ রাজনীতিতে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে যতটা সক্রিয় থাকে, আন্দোলন কর্মসূচিতে কাউকেই ততটা দেখা যায় না। ৫ জানুয়ারির পর টানা তিন মাস বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আন্দোলন কর্মসূচি চলাকালে উভয় পক্ষ পৃথকভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে। তবে সেটাও ছিল অনেকটা লোক দেখানো বা দায়সারাগোছের। এরপর এখন আর বিএনপির দৃশ্যমান কোনো তৎপরতা নেই।
যদিও দলের জেলা সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান দাবি করেন, গত বছরের ৫ জানুয়ারি সংসদ নির্বাচন প্রতিহত করার আন্দোলনের সময় অনেক মামলা হয়েছে। অনেকে গ্রেপ্তার হন। এসব মামলায় নেতাদের কারামুক্ত করার কাজে তাঁদের অনেক ব্যস্ত থাকতে হচ্ছে। অনেক নেতা-কর্মী মামলা থাকায় রাস্তায় নামতে পারছেন না। এসব কারণে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
এই আইনজীবী নেতা বলেন, এই জেলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা ৭৩৩ জন। বিভিন্ন সময় গ্রেপ্তার হন ১০৪ জন। তাঁদের বেশির ভাগই ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। এখন কারাগারে আছেন ২১ জন।
তবে জেলা বিএনপির সহসভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও জেলা ছাত্রদলের সভাপতি আশফাকুর রহমান দাবি করেন, দলের এই নিষ্ক্রিয়তার জন্য অভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক দুর্বলতা দায়ী। তাঁদের মতে, জেলা কমিটি গঠনের সময় তৃণমূলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষিত হয়েছে। সক্রিয়, অভিজ্ঞ ও ‘ত্যাগী’ অনেকেই কমিটিতে স্থান পাননি। সভাপতি থাকেন রাজধানীতে। এসব কারণে তৃণমূল নেতা-কর্মীদের বড় অংশ ক্ষুব্ধ।
এই তিন নেতার এসব অভিযোগ বা দাবি অস্বীকার করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়া। তিনি দাবি করেন, ‘ত্যাগী’ নেতা-কর্মীরাই জেলা কমিটিতে স্থান পেয়েছেন। দলের মধ্যে এখন কোনো বিরোধ নেই। তিনি বলেন, জেলা সভাপতি আলতাফ চৌধুরী যেহেতু কেন্দ্রীয় কমিটিরও ভাইস চেয়ারম্যান, তাই তাঁকে ঢাকায় দায়িত্ব পালন করতে হয়। সেখান থেকে তিনি নেতা-কর্মীদের খোঁজখবর রাখেন।
অবশ্য রব মিয়ার এ বক্তব্য নাকচ করে দেন সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার। তিনি প্রথম আলোকে বলেন, অরাজনৈতিক ব্যক্তি জেলায় দলের দায়িত্বে থাকায় এবং পরীক্ষিত ও ত্যাগী নেতারা পদ না পাওয়ায় নেতা-কর্মীরা হতাশ। এ কারণে পটুয়াখালীতে বিএনপি নিষ্ক্রিয় হয়ে পড়েছে।