
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আকার বাড়ছে। ৭৩ সদস্যের কার্যনির্বাহী সংসদ ৮১ হতে পারে। আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন নির্ধারিত আছে। সেখানেই কেন্দ্রীয় কমিটির আকার বৃদ্ধির লক্ষ্যে গঠনতন্ত্রে সংশোধনী আনা হতে পারে।
আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা এ তথ্য জানিয়েছেন। নেতারা জানান, কমিটির আকার বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরে দলে আলোচনা আছে। তবে এ সংখ্যা কত হবে, তা চূড়ান্ত হয়নি। নীতিনির্ধারণী পর্যায়ে ৮১ সদস্যের সম্ভাব্য কার্যনির্বাহী সংসদ গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। দায়িত্বশীল সূত্র জানায়, নতুন পদের মধ্যে সাংগঠনিক সম্পাদকের পদ অন্তত তিনটি বাড়বে। সভাপতিমণ্ডলীর সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক পদও বাড়তে পারে।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, নতুন কিছু পদ সৃষ্টি করা সময়ের দাবি। আর বড় দলের কাজও বেশি। তাই কার্যনির্বাহী সংসদের সদস্যসংখ্যা বাড়ানো দরকার। এ নিয়ে দলে আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরও আলাপ-আলোচনা হতে পারে।
বর্তমান কমিটির দুজন নেতা বলেন, নতুন পদ সৃষ্টির সম্ভাবনার পরিপ্রেক্ষিতে কে কোন পদ পাচ্ছেন—এ নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। ছাত্রলীগের সাবেক নেতা ও নেতাদের শুভাকাঙ্ক্ষী অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পছন্দ-অপছন্দের কথা লিখছেন। অপেক্ষাকৃত ছোট পদপ্রত্যাশীদের অনেকে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে বড় নেতাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছেন। অবশ্য পদপ্রত্যাশীরা মনে করছেন, দলীয় সভানেত্রীর ওপরই নির্ভর করছে কে পদ পাবেন আর কে বাদ যাবেন।
বর্তমান গঠনতন্ত্রে আওয়ামী লীগের ৭৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী সংসদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে সভাপতিমণ্ডলীর পদের সংখ্যা ১৫টি। সাধারণ সম্পাদকসহ দলের সম্পাদকমণ্ডলীর পদ ৩২টি। এর মধ্যে তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতজন সাংগঠনিক সম্পাদক। দপ্তর-উপদপ্তর ও প্রচার-উপপ্রচার চারজন। বাকি ১৭টি বিষয়ভিত্তিক সম্পাদকের পদ। এর বাইরে ১ জন কোষাধ্যক্ষ ও ২৬টি সদস্যের পদ রয়েছে।
দলের কেন্দ্রীয় একাধিক নেতা জানান, বর্তমান কমিটিতে সহসম্পাদক আছে এক হাজারের অধিক। গত কয়েক বছরে গণহারে এসব সহসম্পাদক নিয়োগ করা হয়। আওয়ামী লীগের গঠনতন্ত্রে সহসম্পাদকের সংখ্যা সুনির্দিষ্ট না থাকলেও ১৯টি সম্পাদকীয় বিভাগের কথা উল্লেখ আছে। আর প্রতিটি সম্পাদকীয় বিভাগে অনূর্ধ্ব পাঁচজন সহসম্পাদক নেওয়ার কথা বলা আছে। এ হিসেবে সহম্পাদকের সংখ্যা ৯৫ জনের বেশি হওয়ার কথা নয়।
বর্তমানে সভাপতিমণ্ডলীর তিনটি পদ ফাঁকা। এর মধ্যে দুটি ফাঁকা হয়েছে সৈয়দা জোহরা তাজউদ্দীন মারা যাওয়ায় ও লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করায়। আর ২০১২ সালের জাতীয় সম্মেলনে একটি পদ পূরণ করা হয়নি।
দলের একটি দায়িত্বশীল সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন এমন কেউ কেউ সভাপতিমণ্ডলীর পদে চলে আসতে পারেন। এক-এগারোর পর সভাপতিমণ্ডলী থেকে উপদেষ্টা পরিষদে পাঠিয়ে দেওয়া জ্যেষ্ঠ নেতাদের কারও কারও ফিরে আসার সম্ভাবনা নিয়েও দলে আলোচনা আছে। আওয়ামী লীগের মূল স্লোগান হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। কিন্তু দলের কেন্দ্রীয় কমিটিতে এ-সংক্রান্ত কোনো পদ নেই। সম্পাদকমণ্ডলীর মধ্যে তথ্যপ্রযুক্তি-বিষয়ক আলাদা একটি পদ খোলা হতে পারে।
আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা জানান, আসন্ন সম্মেলনে সম্পদকমণ্ডলীতে তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজের নাম থাকার সম্ভাবনা রয়েছে। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এবং গত শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
এ এইচ এম কামারুজ্জামানের ছেলে রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনেরও ভালো কোনো পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি এখন কেন্দ্রীয় কমিটির সদস্য।
প্রতিটি বিভাগের জন্য আওয়ামী লীগের একজন করে সাংগঠনিক সম্পাদক আছে। ময়মনসিংহ নতুন বিভাগ হয়েছে। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করা হতে পারে বলে আলোচনা রয়েছে। তাই সাংগঠনিক সম্পাদকের পদ বৃদ্ধি করতে হবে বলে দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।
সর্বশেষ সম্মেলনের পর যে কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছিল, অর্থাৎ বর্তমান কমিটির দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান। কিন্তু প্রায় দুই বছর ধরে দপ্তর সামলাচ্ছেন আবদুস সোবহান গোলাপ। আনুষ্ঠানিকভাবে তাঁকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়ার কথা আওয়ামী লীগ বলেনি, তবে দলের অফিশিয়াল ওয়েবসাইটে দপ্তর সম্পাদক হিসেবে আবদুল মান্নান খান ও আবদুস সোবহান দুজনেরই নাম রয়েছে। দলীয় সূত্র জানায়, দপ্তর সম্পাদক পদে পরিবর্তন আসতে পারে এবার।
এদিকে আগামী মার্চের জাতীয় সম্মেলন করার জন্য বেশ কয়েকটি প্রস্তুতি কমিটি করার কাজ চলছে। সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান হবেন দলের সভাপতি শেখ হাসিনা। এতে পুরো কার্যনির্বাহী সংসদের সদস্যরা সহযোগী হিসেবে থাকবেন। অভ্যর্থনা কমিটির প্রধান করা হতে পারে দলের জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীকে। আর গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান করা হতে পারে কৃষি ও সমবায়-বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাককে।
আসন্ন সম্মেলনে কমিটির আকার বাড়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, সময়ের প্রয়োজনে কিছু পদ বাড়াতে হবে। সম্মেলনের আগে গঠনতন্ত্রের সংশোধনের বিষয়ে খসড়া তৈরি করা হবে।