যুবলীগের রাজনীতি করতে গিয়ে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়েছেন। প্রতিপক্ষের হামলায় হারিয়েছেন এক চোখ। তারপরও আওয়ামী যুবলীগের রাজনীতি আঁকড়ে থেকেছেন। কিন্তু সাংগঠনিকভাবে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে উপজেলা যুবলীগ তাঁদের কমিটি ভেঙে দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পাঁচই গ্রামের বাসিন্দা আবুল কালাম বাদশা (৪৮)। তিনি গন্ধর্ব্যপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর প্রশ্ন, যে দল করার জন্য চোখ হারালেন, সেই দলে তাঁর পদ নেই কেন?
গত ৮ মার্চ গন্ধর্ব্যপুর ইউনিয়ন যুবলীগের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। গত ৬ সেপ্টেম্বর কমিটিটি ভেঙে দেওয়া হয়। এরপর গত সোমবার ফেসবুকে ওই স্ট্যাটাস দেন আবুল কালাম। তিনি বলেন, এ স্ট্যাটাসের মাধ্যমে তিনি দলের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।
দীর্ঘ স্ট্যাটাসে আবুল কালাম উল্লেখ করেন, দল করার কারণে তিনি ১১টি মামলার আসামি হয়েছেন। তিনবার কারাগারে গেছেন। ছেলেমেয়েদের ঠিকমতো খাবার না দিয়ে দলের পেছনে টাকাপয়সা ব্যয় করেছেন। তারপরও কেন অসাংগঠনিক উপায়ে তাঁদের কমিটি ভেঙে দেওয়া হলো? তিনি আরও লেখেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর তাঁর বাড়িঘর ও একটি চালের কল ভাঙচুর করা হয়। ২০০৩ সালে তিনি গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে তিনি ইউনিয়নে যুবলীগকে শক্তিশালী করার কাজে মনোযোগী হন। ২০১৩ সালে যুবলীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতির বাড়িঘর ভাঙচুর করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এ খবর শুনে নেতা-কর্মীদের সঙ্গে তিনি ওই বাড়িতে রওনা হন। পথে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এতে আহত হয়ে তিনি বাঁ চোখ হারান। ২০১৪ সালে তিনি আবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
স্ট্যাটাসের শেষে আবুল কালাম উল্লেখ করেছেন, চোখের জলে তিনি কথাগুলো লিখেছেন। কোনো ত্যাগী নেতা-কর্মী থাকলে পোস্টটি শেয়ার করবেন, যেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে।
জানতে চাইলে আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘১৫ বছর ধরে দলের নেতৃত্বে ছিলাম। এ সময় গাভির দুধ বেচে সন্তানদের না খাইয়ে দলের পেছনে টাকা ব্যয় করেছি। বর্তমানে তিনি একটি দোচালা টিনের ঘরে বাস করেন। সন্তানেরা যখন প্রশ্ন করে, “বাবা, দলের জন্য রক্ত ঝরালেন, আমাদের না খাইয়ে নেতা-কর্মীদের পেছনে টাকা খরচ করলেন। কিন্তু দলের কাছে সম্মানটা পেলেন না।” তখন তাদের প্রশ্নের উত্তর দিতে পারি না।’
উপজেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘ফেসবুক স্ট্যাটাসটি দেখেছি। সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে তাঁর ইউনিয়নের কমিটি স্থগিত করেছি। এরপর তাঁরা যোগাযোগ করেননি।’