পিরোজপুর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে দলের নেতা-কর্মীরা দুই প্রার্থীর পক্ষে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।
প্রার্থী হওয়া দুজনই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। আওয়ামী লীগের সমর্থন পাওয়া প্রার্থী মো. শাহ আলম সদ্য সাবেক প্রশাসক ও সাবেক সাংসদ। দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আরেকজন প্রার্থী থাকলেও এ দুজনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ৪২ জন ভোটারের সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এ কে এম এ আউয়াল রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের পক্ষে। তাঁর পক্ষে প্রকাশ্যে কাজ করছেন আউয়ালের অনুসারী পৌর মেয়র এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা। এ ছাড়া জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীও মহিউদ্দিন মহারাজের পক্ষে আছেন।
মহিউদ্দিন মহারাজ বলেন, ‘জেলা পরিষদের নির্বাচন নির্দলীয়ভাবে হচ্ছে। তা ছাড়া প্রধানমন্ত্রী নির্বাচনটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এ কারণে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। দলের অধিকাংশ নেতা-কর্মী ও ভোটার আমার সঙ্গে আছেন।’
অপরদিকে পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমানসহ দলের একটি অংশ শাহ আলমের পক্ষে রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক ইউপি চেয়ারম্যান বলেন, জেলার অধিকাংশ ইউপি চেয়ারম্যান ও সদস্য আওয়ামী লীগের। কিন্তু দলের একটি অংশের বিরোধিতার কারণে দলীয় প্রার্থীর বিপক্ষে অনেক ইউপি চেয়ারম্যান ও সদস্য কাজ করছেন।
মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমান বলেন, ‘যাঁরা দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নেত্রী তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন, এটা আমি প্রত্যাশা করি।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার বলেন, যেসব নেতা ও জনপ্রতিনিধি দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করছেন, তাঁদের ব্যাপারে দলের কেন্দ্রীয় নেতাদের জানানো হবে।
২৮ ডিসেম্বরের এ নির্বাচনে মোট ভোটার আছেন ৭৩৫ জন। ১৫ কেন্দ্রে ৩০টি বুথের মাধ্যমে ভোট নেওয়া হবে।