দলের পুনর্গঠন ঠেকাতে তারেকের বিরুদ্ধে অভিযোগপত্র: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির পুনর্গঠন বাধাগ্রস্ত করতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হুকুমের আসামি করে গাড়ি পোড়ানোর মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে দাবি করেছে দলটি।
গতকাল বুধবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের পক্ষ থেকে এই বক্তব্য দেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। তিনি গাজীপুরে একটি বাস পোড়ানোর মামলায় তারেক রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার কঠোর সমালোচনা করেন।
বিএনপির মুখপাত্র দাবি করেন, বিএনপি জোটের আন্দোলন চলাকালে সরকারের এজেন্টরা সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। পরে এসব পুঁজি করে সরকার খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করেছে। ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতাদের কারাগারে আটক, অনেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ও অভিযোগপত্র দিয়ে বিএনপিকে চাপে রাখার কৌশল নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার গাজীপুরের একটি ‘সাজানো’ সন্ত্রাসী ঘটনায় তারেক রহমানকে হুকুমের আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
আসাদুজ্জামান রিপন বলেন, তারেক রহমান সুচিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে আদালতের অনুমতি নিয়ে বিদেশে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সরকারের প্রতিহিংসা চরিতার্থ করা ছাড়া অন্য কিছুই নয়। অথচ এই বানোয়াট ও কল্পিত অভিযোগের সত্যতা লেশমাত্র নেই। মামলায় এজাহারে নাম না থাকা সত্ত্বেও তারেক রহমান প্রবাসের ঠিকানায় বসে সরকার উৎখাতের বিষয়ে ষড়যন্ত্র করেছেন বলে গাজীপুরের পুলিশ সুপার নজিরবিহীন সংবাদ সম্মেলন করে যে অভিযোগ করেছেন, তা সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়। যা সিনেমার কাহিনিকেও হার মানিয়েছে।
এক প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, বাধা সত্ত্বেও দলের পুনর্গঠন-প্রক্রিয়া এগিয়ে যাবে।