দলের প্রতিটি পর্যায়ে দূষিত রক্ত বের করে দেওয়া হবে : কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

দলের প্রতিটি পর্যায়ে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘দল থেকে আজকে দূষিত রক্ত বের করে দিতে হবে, বিশুদ্ধ রক্তের সঞ্চালন করতে হবে। যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, তা থেমে যায়নি। সবার রিপোর্ট আমাদের কাছে রয়েছে, ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে এ কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।

গতকাল শুক্রবার আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়। আজ বসে দ্বিতীয় অধিবেশন। সেখানে নবমবারের মতো শেখ হাসিনাকে সভাপতি ও দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করা হয়।

অপরাধীরা নজরদারিতে রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা লুটপাট, জমি দখল, চাঁদাবাজি করে, তাদের আমাদের দরকার নেই। তাদের বিরুদ্ধে অ্যাকশন সারা বাংলাদেশে শুরু হয়েছে। এ অভিযান চলবে। তারা নজরদারিতে আছে। দলের প্রতিটি পর্যায়ে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে।’

ওবায়দুল কাদের বলেন, সরকারের মধ্যে দলকে গুলিয়ে ফেলা যাবে না, দল শক্তিশালী না হলে সরকার শক্তিশালী হবে না। কিছু কিছু জায়গায় মাঝেমধ্যে দ্বন্দ্ব-কলহ দেখা যায়। এসব বিরোধ বন্ধ করতে হবে।

বিতর্কিতদের দলে জায়গা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের হাজার হাজার, লাখ লাখ নেতা-কর্মী। বিতর্কিত লোকজন আমাদের দরকার নেই। শীতের অতিথি পাখিরা সুসময়ে আসে, দুঃসময়ে তারা থাকবে না। সেই মৌসুমি পাখিদের আমাদের দরকার নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ ও জনগণকে বাঁচাতে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলের নেতা-কর্মীদের বাঁচাতে হবে। আর বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু কখনো ষড়যন্ত্র করেনি। দলে অপ্রয়োজনীয় কারও দরকার নেই। কোনো কোন্দল থাকলে তা দূর করতে হবে।