দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের নেতা-কর্মীরা। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের নেতা-কর্মীরা। ছবি: ফোকাস বাংলা

আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল সাড়ে নয়টার দিকে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দলীয়প্রধান হিসেবে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। খবর বাসসের।

পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং পায়রা ও বেলুন ওড়ানো হয়।

এর পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান শেখ হাসিনা। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন।

প্রধানমন্ত্রীর পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। ছবি: ফোকাস বাংলা
ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। ছবি: ফোকাস বাংলা

দিবসটি উপলক্ষে বিকেল তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৪৯ সালের এই দিনে (২৩ জুন) পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে। পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে আওয়ামী লীগের প্রসার ঘটে।

প্রতিষ্ঠার পর থেকে এ দেশে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সব আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ।

১৯৬৬ সালে ছয় দফাভিত্তিক বাঙালির স্বাধিকার আন্দোলন ও ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে সাফল্যের পথ ধরে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিরঙ্কুশ রায় দেয়। ১৯৭১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধের পর ওই বছরের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ছবি: ফোকাস বাংলা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ছবি: ফোকাস বাংলা

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর পাল্টে যায় দেশের রাজনৈতিক দৃশ্যপট। পরে দীর্ঘ সময় ধরে দলটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়। দীর্ঘ ২১ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের ২৩ জুন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে পরাজয় এবং ২০০৭ সালের ১১ জানুয়ারির পর আরেক দফা বিপর্যয় কাটিয়ে দলটি ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয়ী হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দলটি টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে।