
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ২২ ডিসেম্বর। এরই মধ্যে তৎপরতা শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে। প্রথম আলো কথা বলেছে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ও নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক আসিফ হোসেন
প্রথম আলো: এবার দলীয় ভিত্তিতে সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন কি?
সেলিনা হায়াৎ আইভী: আমি নির্বাচন করতে চাই। এবার যেহেতু দলীয়ভাবে নির্বাচন হচ্ছে, আমি দলের মনোনয়ন চাইব এবং আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। কেননা, আমি গত পাঁচ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। আমি শতভাগ আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে।
প্রথম আলো: নগর আওয়ামী লীগ নগর কমিটির সভাপতি আনোয়ার হোসেনসহ তিনজনের নাম প্রস্তাব করেছে। এর মধ্যে আপনার নাম নেই।
আইভী: আওয়ামী লীগ অনেক বড় দল। মনোনয়নপ্রত্যাশী মানুষ অনেক থাকবেন, সেটাই স্বাভাবিক। একজন প্রভাবশালী নেতার পরামর্শেই নগর আওয়ামী লীগ তড়িঘড়ি করে এ নাম
পাঠিয়েছে। তারপরও আমি বিশ্বাস করি, দল আমাকে মনোনয়ন দেবে। দল যে সিদ্ধান্ত নেবে, সেটি আমি মেনে নেব। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি নির্বাচন করব না।
প্রথম আলো: কিন্তু বিগত সিটি নির্বাচনে নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আপনাকে সমর্থন দিয়েছিলেন, এবার তিনিই প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন।
আইভী: যে কেউ প্রার্থী হতে চাইতে পারেন। তিনি আমার সঙ্গে ছিলেন। এখন কী কারণে বলয় পরিবর্তন করেছেন জানি না। হয়তো আমি তাঁর ইচ্ছা পূরণ করতে পারিনি; এটি আমার ব্যর্থতা। আমি তাঁকে কাকা বলে ডাকি, সম্মান করি।
প্রথম আলো: বিগত নির্বাচনে আওয়ামী লীগ বিভক্ত ছিল। এবারও কি তা-ই হবে?
আইভী: প্রার্থিতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিভাজন থাকতে পারে। কিন্তু প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই তৃণমূল কর্মীরা থাকবেন।
প্রথম আলো: গতবার দলীয়ভাবে নির্বাচন হয়নি বলে আপনি দলের বাইরেও বড় অংশের সমর্থন পেয়েছেন। এবারে কী হবে?
আইভী: এটি স্থানীয় সরকার সংস্থার নির্বাচন। দলের প্রতীক থাকলেও দলের বাইরের মানুষ এবারও আমাকে ভোট দেবেন আশা করি। কেননা, সিটি করপোরেশনে আমি সবার উন্নয়নে কাজ করেছি। আমার বিশ্বাস, ভোটাররা প্রার্থীকেই মূল্যায়ন করবেন।
প্রথম আলো: আপনি বিএনপি-জামায়াতকে আশ্রয়-প্রশ্রয় দেন বলে আওয়ামী লীগের একাংশের অভিযোগ আছে।
আইভী: এটিও সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এই অভিযোগ যদি সত্য হতো, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জেলা কমিটির সহসভাপতি করতেন না।
প্রথম আলো: নারায়ণগঞ্জ একসময় সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল। এখন কী অবস্থা?
আইভী: কিছুটা হলেও সন্ত্রাস কমেছে। আমি যখন দেশে ছিলাম না, আসার পরও যে অবস্থা ছিল, যেসব অঘটন ঘটত, সেটি তুলনা করলে বলতে হবে পরিস্থিতি আগের চেয়ে ভালো। তারপরও সাত খুনের ঘটনা ঘটেছে। কিশোর ত্বকীকে হত্যা করা হয়েছে। ত্বকীর বাবার সঙ্গে কারও বিরোধ থাকতে পারে, তাই বলে তাঁর সন্তানকে কেন হত্যা করা হবে?
প্রথম আলো: আপনার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। মন্ত্রণালয়ও কিছু পর্যবেক্ষণ দিয়েছে, যা গণমাধ্যমে এসেছে।
আইভী: ওই রিপোর্ট আমার কাছে আছে। সেখানে একজন সাংসদ যে আমার বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছিলেন, মন্ত্রণালয় বলেছে তার প্রমাণ পাওয়া যায়নি। মন্ত্রণালয় আমাকে যে নজরদারি বাড়ানো এবং সতর্ক থাকার কথা বলেছে, সেটি ইতিবাচক বলে মনে করি। আমি ভুল করতে পারি; কিন্তু দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারবে না।
প্রথম আলো: আপনি দলের সভানেত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন বলে দলের কেউ কেউ অভিযোগ করেছেন।
আইভী: এসব সম্পূর্ণ অসত্য। যিনি এসব বলেছেন, তাঁর মন্তব্য সম্পর্কে কিছু বলতে চাই না। আমি নেত্রীকে অসম্মান করে কখনোই কিছু বলিনি। ২০১১ সালের নির্বাচনের পর তিনি আমাকে বুকে টেনে নিয়েছেন। এতে ঈর্ষান্বিত হয়েই কেউ কেউ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
প্রথম আলো: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়াদ পাঁচ বছর শেষ হতে চলল। সাফল্য-ব্যর্থতা কীভাবে দেখছেন?
আইভী: নতুন সিটি করপোরেশন, অনেক চ্যালেঞ্জ ছিল। আমাদের অগ্রাধিকার ছিল নারায়ণগঞ্জের রাস্তাঘাটের উন্নয়ন, সেটি হয়েছে। অনেক নতুন সড়ক নির্মাণ করেছি, অনেক সড়ক মেরামত ও প্রশস্ত করেছি। নদীর পাড় ঘিরে চক্রাকার সড়ক নির্মাণের কাজও চলছে। শহরের জলাবদ্ধতা কিছুটা হলেও কমিয়েছি। বন্দরে জলাবদ্ধতা নেই। সিদ্ধিরগঞ্জের জলাবদ্ধতা কমানো যায়নি ডিএনডি বাঁধের কারণে। কিন্তু সেখানেও ড্রেনেজ-ব্যবস্থার উন্নয়ন করেছি।
প্রথম আলো: আপনি একটি দলের নেতাও। সিটি করপোরেশনের কাজ চালাতে কোনো সমস্যা হচ্ছে?
আইভী: সমস্যা হয়নি। আমি যখন সিটি করপোরেশনে আসি, তখন রাজনৈতিক দৃষ্টিতে কিছু দেখি না। সবাইকে নিয়ে কাজ করি। আর দলীয় অফিসে দলের কর্মীদের কথা শুনি। দুটোর মধ্যে সমন্বয় করেই কাজ করি।
প্রথম আলো: গত পাঁচ বছরে আপনার কি মনে হয় যে কাজটি আগে উদ্যোগ নিলে ভালো হতো?
আইভী: হ্যাঁ, আমার মনে হয় গ্রিন সিটি, উন্মুক্ত জায়গা তৈরির কাজটি আগে নিলে ভালো হতো। কিন্তু জলাবদ্ধতা, রাস্তাঘাটের সমস্যাটি প্রকট বলে সেসব আগে করতে হয়েছে। এখন শহরের রাস্তাঘাট অনেক ভালো। আর শিশুদের জন্য আরও বেশি পার্ক করা দরকার ছিল। সাংস্কৃতিক জোটের জন্য একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করা যেত। ভবিষ্যতে এসব করার পরিকল্পনা আছে।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
আইভী: আপনাদের ধন্যবাদ।