দাউদকান্দি উপজেলা ছাত্রলীগকে কারণ দর্শানো নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল নির্ধারিত স্থানে করতে না দেওয়ায় দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিক ও সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সরকার নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নোটিশে উল্লেখ করা হয়, ‘গত শনিবার একই দিন (১৭ জুন) ও সময়ে একই স্থানে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ কোনো পূর্ব ঘোষণা এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একটি ইফতার মাহফিলের আয়োজন করে। পরে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ বন্ধন কমিউনিটি সেন্টারে অবস্থান গ্রহণ করে সব ধরনের অনুষ্ঠান বাতিল করে দেয়। কী কারণে, কাদের ইন্ধনে ও কোন অপশক্তির প্ররোচনায় দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ দলীয় শৃঙ্খলা ও মূলনীতি ভঙ্গ করে অভিভাবক সংগঠন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সঙ্গে সাংঘর্ষিক কর্মসূচি পালন করেছে, সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

১৭ জুনের ঘটনায় গত সোমবার প্রথম আলোয় ‘কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল ভণ্ডুল’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।