দানবের কাছে মানব পরাজিত হবে না: নাসিম
স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বৌদ্ধ সম্প্রদায়ের মধ্য আতঙ্ক সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্যই এই ধরনের উড়ো চিঠি দেওয়া হয়েছে। জামায়াত-শিবির এই ধরনের কাজ করছে। দানবের কাছে মানব কোনোদিন পরাজিত হবে না।
আজ শুক্রবার কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে রাজধানীর বাসাবো বৌদ্ধমন্দির পরিদর্শনে গিয়ে মন্দিরের পূজারি-ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় নাসিম এসব কথা বলেন। গত মঙ্গলবার রাজধানী ঢাকার সবুজবাগ এলাকার বৌদ্ধমন্দিরের ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথেরোকে ডাকযোগে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর শুদ্ধানন্দ নিজেই থানায় সাধারণ ডায়েরিð(জিডি) করেছেন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যখন শান্তি প্রতিষ্ঠা করেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, একাত্তরের ঘাতকদের বিচারের রায় কার্যকর হচ্ছে, তখন বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সেই ঐতিহ্য ও সংস্কৃতিকে ধ্বংস করার জন্য একটি মহল নানা ষড়যন্ত্র ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, বৌদ্ধমন্দিরের ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়েছে।
ধর্মবর্ণ-নির্বিশেষে সবাইকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে নাসিম বলেন, গুপ্তহত্যা প্রতিরোধে সারা দেশের সব উপাসনালয়ে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বৌদ্ধমন্দিরের নিরাপত্তাসহ সারা দেশের মঠ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সরকার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
পরিদর্শনকালে মোহাম্মদ নাসিম মন্দিরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
এ সময় বাসাবো বৌদ্ধমন্দিরের ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথের, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।