দানবের দলে পরিণত হয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সংলাপ হয় মানুষের সঙ্গে মানুষের। মানুষের সঙ্গে দানবের সংলাপ হতে পারে না। বিএনপি জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে দানবের দলে পরিণত হয়েছে। যাঁরা সংলাপের কথা বলছেন, তাঁরা আগে যুদ্ধাপরাধীর বিচারের কথা বলুন, আগুন-সন্ত্রাসীদের কথা বলুন, জঙ্গিবাদের কথা বলুন। পরে নির্বাচন সংলাপের কথা বলুন।’

গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহীর গণকপাড়া মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন ২০১৯ সালে অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন বন্ধ করার সাধ্য কারও নেই।

জেলা জাসদের সভাপতি মজিবুল হকের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন জাসদের নগর সভাপতি প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, জেলা সাধারণ সম্পাদক শফিউর রহমান প্রমুখ।