দানবের নয় মানবের সমাজ চাই: নূর
‘আগে মনে করা হতো যে মাদ্রাসার ছাত্ররা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকত। কিন্তু ইংলিশ মিডিয়ামের পাঁচজন ছাত্র গুলশানে হামলায় জড়িত থেকে ২০ জনকে হত্যা করে। এরা মানুষ নয়, এরা মুসলমান নয়। এরা কোনো ধর্মের নয়, এরা দানব। আর আমরা দানবের সমাজ চাই না, আমরা মানবের সমাজ চাই।’
গতকাল শনিবার মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। অভিভাবকদের উচিত বাংলা ভাষাকে বেশি প্রাধান্য দিয়ে সন্তানদের এগিয়ে নিয়ে যাওয়া। এ ক্ষেত্রে শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের মেলবন্ধন দৃঢ় করতে হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবলিক সার্ভিস কমিশনের সচিব আকতারী মমতাজ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে বেলা ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়। দ্বিতীয় পর্বে বিকেলে র্যা ফল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫০ বছরের প্রাচীন এই শিক্ষালয় প্রাঙ্গণ বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়। অনেকে পুরোনো সহপাঠীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন।