দাবি আদায়ে নতুন কমিটি ভূমিকা রাখবে: ফখরুল

ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার দুপুরে মহানগরের নতুন কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
গত শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক করে মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। আজ কমিটির সদস্যরা দলের প্রতিষ্ঠাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ উপলক্ষে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ওই এলাকায় জড়ো হন নেতা-কর্মীরা।
মির্জা ফখরুল বলেন, বিএনপি আন্দোলনে আছে। সফলতা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। চলমান আন্দোলন আরও শক্তিশালী করতে মির্জা আব্বাসের নেতৃত্বাধীন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, মহানগরকে সুসংগঠিত করে আন্দোলনের প্রস্তুতি নেওয়াই তাঁদের লক্ষ্য।
এ সময় নতুন কমিটির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে কমিটির চার উপদেষ্টার কেউ উপস্থিত ছিলেন না।