‘দাম কমাও, জান বাঁচাও দিবস’ পালনের আহ্বান সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুটি–রুজি, ভাত-কাপড়, ভোট-গণতন্ত্রের সংগ্রাম জোরদার করতে ১৬ ফেব্রুয়ারি সারা দেশে ‘দাম কমাও, জান বাঁচাও দিবস’ পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সেদিন পাড়া-মহল্লায়, গ্রামে, হাটবাজারে সভা, সমাবেশ, পথসভা, হাটসভা ও মিছিলের মতো কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সিপিবি।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম দিবসটি পালনের আহ্বান জানান। দলের সব সদস্য, কর্মী–সমর্থক, শাখাকে দিবসটির কর্মসূচি সফলভাবে পালন করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে আড়াই কোটি মানুষ বেকার ও তিন কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। শ্রমিক ও কর্মজীবী মানুষদের মজুরি-বেতনও বাড়েনি। নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম লাগামহীন বৃদ্ধি পাওয়ায় দেশের ৯৯ শতাংশ মানুষের ক্রয়ক্ষমতায় বিপর্যয়কর ধস নেমেছে।

এ অবস্থায় সরকার দরিদ্র মানুষের যন্ত্রণা লাঘব না করে উল্টো গ্যাস, জ্বালানি তেলসহ অত্যাবশ্যকীয় পণ্যের দাম দ্বিগুণ করার পাঁয়তারা করছে বলে সিপিবি নেতারা বিজ্ঞপ্তিতে জানান। বলা হয়, সরকার বাকি ১ শতাংশ মানুষের লুটপাটের সুযোগ আরও অবারিত করেছে। এভাবে তাঁদের সম্পদ আত্মসাৎ করার ও তা বিদেশে পাচারের সুযোগ করে দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অবস্থা থেকে মুক্তির জন্য জনগণের যে বাঁচার সংগ্রাম, তা রুদ্ধ করতে সরকার দমন–পীড়ন ও ‘ভয়ের রাজত্ব’ তৈরি করে রেখেছে। রাষ্ট্রযন্ত্র ও আমলাতন্ত্রকে ব্যবহার করে দেশে দুঃশাসন চালিয়ে যাচ্ছে। এ অবস্থা চিরস্থায়ী করতে সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং নির্বাচনব্যবস্থাকে একটি প্রহসনে পরিণত করে তা প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এ অবস্থার অবসানের জন্য জনগণকে ঘুরে দাঁড়াতে ‘দাম কমাও, জান বাঁচাও দিবস’ পালনের আহ্বান জানানো হয়।