দাবির সমর্থনে জাপা প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা
দাসিয়ারছড়ায় ইউনিয়নের দাবিতে বিক্ষোভ, সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় যুক্ত সদ্য বিলুপ্ত দাসিয়ারছড়াকে পৃথক ইউনিয়ন ও ভোটার তালিকা থেকে অর্ধেক মানুষকে বাদ দেওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন দাসিয়ারছড়াবাসী।
এদিকে দাসিয়ারছড়াবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মো. মইনুল হক।
দাসিয়ারছড়া থেকে গতকাল সকালে কয়েক শ নারী-পুরুষ কুড়িগ্রাম শহরে এসে বিক্ষোভ মিছিল করেন। এরপর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন বিলুপ্ত বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি (বাংলাদেশ ইউনিট) সভাপতি ও ফুলবাড়ী সদর ইউপির চেয়ারম্যান মো. মইনুল হক। পরে তাঁরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেন।
সমাবেশে কয়েকজন বক্তা বলেন, ‘৬৮ বছরের নাগরিক অধিকারবঞ্চিত দাসিয়ারছড়ার মানুষের প্রাণের দাবি ছিল দাসিয়ারছড়া ইউনিয়ন। তাঁদের দাবি উপেক্ষা করে জেলা প্রশাসন ফুলবাড়ীর অভ্যন্তরে থাকা পাশের সদর, ভাঙ্গামোড় ও কাশিপুর ইউনিয়নের ছয়টি পৃথক ওয়ার্ডের সঙ্গে এ ছিটমহলকে সংযুক্ত করে। এ ব্যাপারে উচ্চ আদালতে মামলা রয়েছে। ১৩ অক্টোবর হাইকোর্ট এক আদেশে দুই মাসের জন্য ইউপি নির্বাচন স্থগিত করেন। ২৫ অক্টোবর আপিল বিভাগ এ আদেশ স্থগিত করে ৩০ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেন। এই সুযোগে নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করতে উঠেপড়ে মাঠে নেমেছে। আমরা দাসিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণা, অসংগতিপূর্ণ ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।’
মানববন্ধন শেষে গতকাল বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মো. মইনুল হক বলেন, ‘আমি ফুলবাড়ী সদর ইউপিতে অনুষ্ঠিতব্য ৩১ অক্টোবরের নির্বাচনে জাতীয় পার্টির (এরশাদ) চেয়ারম্যান প্রার্থী। আমি দাসিয়ারছড়াবাসীর যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার ও নির্বাচন বর্জন করলাম।’