বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দায় এড়াতে পারেন না এবং তিনিও সন্দেহের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি অর্থমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনি দায়িত্বশীল পদে থাকলে, দায়িত্ব নিয়েই কথা বলতে হবে। আপনাকেও দায়দায়িত্ব নিতে হবে। এটা আপনার টাকা না। এটা জনগণের অর্থ।’
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রার্থনাসভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করার আহ্বান জানিয়ে সুরঞ্জিত প্রার্থনাসভায় বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় খাতের অর্থে হাত পড়েছে। এ বিষয়ে আরও দায়িত্ব নিয়ে গুরুত্বের সঙ্গে, সে যেই হোক কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়, আমি আরও স্পষ্ট করে বলতে চাই—অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যেকটি মানুষ।’
গণমাধ্যমে অর্থমন্ত্রীর হরহামেশা কথা বলারও কঠোর সমালোচনা করেন সুরঞ্জিত। তিনি বলেন, ‘কখনো ইংরেজিতে কয়, বাংলা কয়। কী যে কয় বোঝার উপায় নাই।’