দায়িত্বটা সরকারের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সবারই প্রত্যাশা। এ জন্য সরকারের তরফ থেকে আলোচনার উদ্যোগ নিতে রাজনৈতিক দল ও নাগরিক সমাজ অনেক দিন ধরে বলে আসছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তা নাকচ করে দেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে
সুলতানা কামাল
সুলতানা কামাল

কথাবার্তায় সংযত হওয়াটা জরুরি
সুলতানা কামাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা

যাঁরা জাতীয় স্বার্থে কাজ করেন, দেশের ১৬ কোটি মানুষ যাঁদের ওপর নির্ভর করে এবং আস্থা রাখে, তাঁদের কথাবার্তায় সংযত হওয়াটা খুবই জরুরি। যেখানে জাতীয় স্বার্থ জড়িত, সেখানে জাতীয় ব্যক্তিত্বদের ব্যক্তিগত রাগ-অনুরাগের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। তাঁদের কাছ থেকে সংযত আচরণ প্রয়োজন রয়েছে। কেউ যদি সেটার বাইরে চলে যান, তা ক্ষতির সৃষ্টি করবে।

খালেদা জিয়া ও তাঁর সন্তানদের বিদেশে অবৈধভাবে সম্পদ গড়ার যে তথ্য প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটা গণমাধ্যমের অনুসন্ধান করে দেখা উচিত। এ-সংক্রান্ত খবর প্রকাশ না করায় প্রধানমন্ত্রী গণমাধ্যমের ওপর উষ্মা প্রকাশ করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থানে যিনি আছেন, জনগণের প্রতি তাঁর আস্থা ও বিশ্বাস থাকা উচিত। একটা গণতান্ত্রিক সমাজে যখন এই আস্থা ও বিশ্বাসের ঘাটতি হয়, গণতন্ত্র তখন বিপর্যস্ত হয়।

নির্বাচন নিয়ে আলোচনা বা সংলাপের বিষয়টি সম্পূর্ণ নাকচ করে দেওয়ায় আমরা কিছুটা হতাশ হয়েছি। অবশ্য সংলাপ নিয়ে আর কী বলার আছে। পরিস্থিতি যা, দুই পক্ষই অনড়। এর মধ্য দিয়ে কি দুই পক্ষ মত বদলাবে?

গণতন্ত্রের মূলমন্ত্রই হচ্ছে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অংশীজনদের সম্মত মত নিয়ে পথ ঠিক করা। আমরা যদি গণতান্ত্রিক সমাজে বাস করি, দেখতে হবে মানুষ কী চায়। তা অর্জনের জন্য আমরা কতটা ন্যায্য ও বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছি, তার ওপর নির্ভর করবে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব কি না।

প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমরা বিশ্বাস করতে চাই, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নিজের থেকে যেভাবে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, এবারও নিশ্চয়ই তিনি এমন আস্থার পরিবেশ সৃষ্টি করবেন। যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে আস্থাশীল হবে। এ ক্ষেত্রে পারস্পরিক আলোচনা জরুরি।

এম সাখাওয়াত হোসেন
এম সাখাওয়াত হোসেন

যেকোনো মূল্যে সমঝোতা দরকার
এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার

প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে তাঁর ক্ষোভের প্রকাশ ছিল। সেটা তিনি করতেই পারেন। কেননা এটাও ঠিক যে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে কোকোর মৃত্যুর পর তাঁর বাসায় গিয়েছিলেন। তখন যে পরিস্থিতি বিএনপি তৈরি করেছিল, সেটি করা মোটেও ঠিক হয়নি। যত কিছুই ঘটুক না কেন, খালেদা জিয়ার উচিত ছিল শেখ হাসিনার সঙ্গে দেখা করা, কথা বলা। তবে সরকার যেহেতু নিজে গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে, তাই সরকারের উচিত এ ব্যাপারে সবার সঙ্গে কথা বলার উদ্যোগ নেওয়া। যেহেতু সরকারের দায়িত্ব বেশি।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্ক তৈরি না হলে দেশে সমস্যা আরও বাড়বে। এমনিতেই বাংলাদেশ রোহিঙ্গা নিয়ে বড় ধরনের আন্তর্জাতিক সমস্যা মোকাবিলা করে চলেছে। মিয়ানমার থেকে আসা বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে কীভাবে তাদের দেশে ফেরত পাঠাবে, তা নিয়ে নানা চেষ্টা চলছে। এর সঙ্গে যদি নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হয় তাহলে তা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে এবং তা মোকাবিলা করা কঠিন হয়ে যাবে। আমাদের যেকোনো মূল্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক সমঝোতা দরকার। সেটা কীভাবে হবে, তা নিয়ে অবশ্যই সরকারকে উদ্যোগ নিতে হবে।

নির্বাচনকালীন সরকারে অন্য রাজনৈতিক দলগুলোকে কিছু মন্ত্রণালয় ছেড়ে দেওয়ার বিষয়টি এবারও হতে পারে। বর্তমান সরকারের বেশ কিছু মন্ত্রণালয় অন্য রাজনৈতিক দলগুলোকে ছেড়ে দেওয়া আছে। ফলে নির্বাচনকালীন সরকারের সময়ও তা হতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে কে কোন মন্ত্রণালয় পেল, সেটা সহজে ঠিক করা সম্ভব। আর কেউ যদি সংকট তৈরি করতে চায়, সেটাও করা সহজ। আমাদের মনে রাখতে হবে, এই রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। তবে আমরা খুবই আশাবাদী।

 খালেদা জিয়ার সৌদি আরবে অর্থ পাচার ও শপিং মল থাকা নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, তা সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত করে দেখতে পারে। কোনো বিদেশি গণমাধ্যমে খবরটি আসার পর দেশের বেশির ভাগ গণমাধ্যম এটা প্রচার না করার কারণ হতে পারে, ওই সংবাদের নির্ভরযোগ্যতা যাচাই করতে না পারা। তবে সরকারি কোনো সংস্থা যদি তদন্তে অর্থ পাচার ও সৌদি আরবে সম্পদ কেনার প্রমাণ পায়, তাহলে দেশের গণমাধ্যমের উচিত অবশ্যই তা প্রকাশ করা।    

বদিউল আলম মজুমদার
বদিউল আলম মজুমদার

সুশাসন কারও লক্ষ্য নয়
বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক

খালেদা জিয়া ও তাঁর সন্তানদের বিদেশে অবৈধ সম্পদ যদি থাকে, তাহলে এর তথ্য-প্রমাণসহ খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। দুর্নীতি দমন কমিশনেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। বর্তমান সরকার নয় বছর ধরে ক্ষমতায় আছে। সরকারের জনবল, অর্থবল—কোনো কিছুরই তো কমতি নেই। যদি সত্য হয়ে থাকে তাহলে কেন সরকার এ ব্যাপারে পিছিয়ে আছে, কেন তাঁদের বিচারের আওতায় আনতে পারছে না।

বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে আসবে—এটি সমঝোতামূলক বক্তব্য নয়, আগ্রাসী বক্তব্য। এ ধরনের বক্তব্য দিয়ে সমঝোতায় পৌঁছানো যায় না, গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করা যায় না। বরং এ ধরনের কথাবার্তায় জনগণ বিভক্ত হয়। অথচ গণতান্ত্রিক পদ্ধতির জন্য সমঝোতা অপরিহার্য।

খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে, অথবা খালেদা জিয়া ক্ষমা করে দিয়েছেন—এই পারস্পরিক ক্ষমা চাওয়া বা করার মূল কথা হলো যে কোনোভাবে একে অন্যকে হেয় করা। ক্ষমতার রাজনীতিতে এখানে যেকোনো কিছু জায়েজ।

বর্তমানে ক্ষমতাসীনদের যে মনোভাব, তাতে সমঝোতার মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ নেওয়ার কোনো কারণ দেখি না। কারণ, ক্ষমতার রাজনীতি। এর লক্ষ্য হলো যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে হবে, অথবা যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। সুশাসন কারও লক্ষ্য নয়। অথচ গণতান্ত্রিক প্রক্রিয়া হলো সমঝোতা এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া।

ক্ষমতায় থাকতে বিএনপিও একই আচরণ করেছিল। ২০০৫ সালে আওয়ামী লীগ অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছিল। তখন বিএনপিও কর্ণপাতও করেনি। ক্ষমতায় থাকলে সবাই মনে করে আলাপ-আলোচনার দরকার নেই। দুই পক্ষের চরিত্রই এক।

আমরা এখন অনেকগুলো জটিল সমস্যার সম্মুখীন। দেশে ব্যাপকভাবে দুর্নীতি, দুর্বৃত্তায়ন চলছে। উগ্রবাদ আমাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে। রোহিঙ্গারা আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর সমাধানে রাজনৈতিক সমঝোতা দরকার। কিন্তু সে লক্ষণ দেখি না, বরং দুই পক্ষেই অনমনীয়।

একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত। এর জন্য শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন অপরিহার্য, কিন্তু তা যথেষ্ট নয়। এর জন্য দরকার নির্বাচনকালীন সরকার এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, যদি সরকার তার ভূমিকা পালন না করে। এ ক্ষেত্রে সরকারের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সৈয়দ মনজুরুল ইসলাম
সৈয়দ মনজুরুল ইসলাম

আলোচনার পরিবেশ অনুপস্থিত
সৈয়দ মনজুরুল ইসলাম, লেখক ও অধ্যাপক

সরকারের মন্ত্রী হোক আর বিরোধী দলের নেতা হোক—অকাট্য প্রমাণ ছাড়া কেবল অভিযোগের ওপর ভিত্তি করে কারও বিরুদ্ধে লেখা দায়িত্বশীল গণমাধ্যমের কাজ না।

সত্যি যদি সৌদি বাদশাহ তাঁর দেশে অবৈধ বিনিয়োগের তদন্ত করেন এবং এর প্রমাণ পান, তাহলে নিশ্চয়ই গণমাধ্যমগুলো ওই সংবাদ প্রকাশ করবে। যাঁর বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদ পাচারের অভিযোগ এসেছে, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। পুরোপুরি অনুসন্ধান না করে এ ধরনের খবর বড় করে লেখা কোনো দায়িত্বশীল গণমাধ্যমের কাজ না। অনেক অনলাইন পোর্টালের ক্ষেত্রে এই দায়িত্ব আমরা দেখি না।

বিএনপি দীর্ঘদিন ধরে নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলছে। কিন্তু সেই সরকার কী ধরনের, তা পরিষ্কার করেনি। বিএনপি হয়তো নিজেরাও জানে না বা বিষয়টি পরিষ্কার করছে না। এই অস্পষ্টতার কারণে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব পুরো নাকচ করা আওয়ামী লীগের জন্য সহজ হয়ে গেছে।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলকে কয়েকটি মন্ত্রণালয় ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তখন আর এখনের মধ্যে অনেক জল গড়িয়েছে। দুই দলের মধ্যে শত্রুতার পরিবেশ তীব্র হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা দৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রীরও আত্মবিশ্বাস বেড়েছে। এখন আওয়ামী লীগের মধ্যে একটা চিন্তা এসেছে যে তারা একাই জিতে আসতে পারবে। তখন প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেছিলেন, তখন কী ব্যবহার করা হয়েছিল, তা-ও আমরা জানি। এখন সেই পরিবেশ ও বাস্তবতা দুটোই অনুপস্থিত। এক পক্ষ বলছে, নাকে খত দিয়ে নির্বাচনে আসবে। আরেক পক্ষ বলছে তল্পিতল্পা নিয়ে প্রস্তুত থাকতে। দুই পক্ষের উসকানিমূলক কথাবার্তায় মনে হচ্ছে সমঝোতা সুদূরপরাহত। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।

সাম্প্রতিক সময়ে পরস্পর ক্ষমার কথা বলাবলি হচ্ছে। অতিকথন আলোচনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। খালেদা জিয়া কিসের জন্য ক্ষমা করলেন? যাঁকে এই ক্ষমা, তিনি সীমাহীন অপরাধ করেছেন কি না। স্বাভাবিকভাবে যিনি ক্ষমা করেন, তিনি তো উঁচু অবস্থানে থাকেন। দুটো পক্ষ সমান হলে তবেই আলোচনা ফলপ্রসূ হবে। আওয়ামী লীগকে বিএনপির প্রস্তাব সরাসরি নাকচ না করে আলোচনায় বসতে হবে। এখন বিএনপি কি দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রশ্নে আগের অবস্থান পাল্টাবে? বিশেষ করে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচন করার বিষয়ে। জনমত প্রবল হলে আওয়ামী লীগ আলোচনায় আসবে। কেবল বড় বড় জনসভা করে নয়, বিএনপিকে তাদের দাবির সপক্ষে জনমত সৃষ্টি করতে হবে।