দিন যত ঘনিয়ে আসছে, আশঙ্কাও বাড়ছে: তাবিথ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, আশঙ্কাও তত বাড়ছে।’ তিনি বলেন, ‘সব প্রার্থীর এজেন্টরা কেন্দ্রে যেতে পারবেন কি না, সে ব্যাপারটি নিয়ে “কিন্তু” রয়ে গেছে। ইভিএম মেশিন কীভাবে কাজ করে, সেটা আমরা ইলেকশনের দিন বুঝব।’
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তাবিথ আউয়াল এই মন্তব্য করেন।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ রাত ১২টায়। শেষ দিনের প্রচারে সকাল থেকেই মাঠে নেমেছেন প্রার্থীরা। উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ সকালে জাতীয় প্রেসক্লাবে ও পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
তাবিথ আউয়াল বলেন, কোনো অভিযোগ দিলে নির্বাচন কমিশন (ইসি) কী করে, সেটাও দেখার বিষয়। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত, সেদিকে জনগণ তাকিয়ে আছে। নির্বাচনের দিন ইসিকেই বড় ভূমিকা রাখতে হবে।
‘ইতিবাচক মনোভাব’ ধরে রাখার কথা জানিয়ে তাবিথ আউয়াল বলেন, নির্বাচন শেষ হলে ফাইনাল মন্তব্য করব। তিনি গণমাধ্যমকর্মীদের সঠিক দায়িত্ব পালনের অনুরোধ জানান।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ‘আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে প্রত্যাশা করছি। প্রার্থীরাও প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে আশা করি।’
মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
পরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তাবিথ আউয়াল। নির্বাচন কমিশনের আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে ১০৪টি অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা ছাড়াই সেগুলো নিষ্পত্তি করা হয়েছে। নির্বাচন নিয়ে আশঙ্কার জায়গাগুলো এখনো রয়েছে। তিনি আশা করেন, নির্বাচন কমিশন (ইসি) দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
তাবিথ আউয়াল বলেন, ‘বিএনপির অভিযোগ ইসি আমলে নেয়নি। নির্বাচনের দিন কোনো অনিয়মের অভিযোগ জানানো হলে সেগুলোর কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়েও শঙ্কিত। জনস্বার্থে ভালো সিদ্ধান্ত নিতে পারে এটি নির্বাচন পিছিয়ে ইসি প্রমাণ করেছে। নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে ইসি সচেষ্ট ভূমিকা রাখবে বলে আশা করছি।’
নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই মেয়র প্রার্থী। তিনি বলেন, পুলিশ বিএনপির নেতা-কর্মীদের আটক বা হয়রানি করতে পারে। কোনো ব্যক্তি যেন আইনশৃঙ্খলার অবনতি না করতে পারে, নির্বাচন বানচাল না করতে পারে সে বিষয়ে ইসিকে সচেষ্ট ভূমিকা রাখতে হবে।
ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘ভোট না দিলেই অন্যরা সুযোগ পায়। ভোট দেওয়া মানে একধরনের চুরি ঠেকানো। আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। কেন্দ্রে যাব, ভোট গণনা পর্যন্ত থাকব।’
নির্বাচনের সঠিক চিত্র তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘জনগণ আপনাদেরই সহযোগিতা চান। এবার নির্বাচনী প্রচারেও কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি যেন কোনো গণমাধ্যমকর্মী, সাধারণ ভোটারকে আহত হতে না হয়। এ ক্ষেত্রে ইসিকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
অনুষ্ঠানে ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে গণমাধ্যমকর্মী হিসেবে এটাই প্রত্যাশা।
নির্বাচনের দিন ভোটের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান ডিআরইউ'র সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।