দিনক্ষণ নির্ধারণ করে আন্দোলন হয় না: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দিনক্ষণ নির্ধারণ করে আন্দোলন হয় না। সময়মতো আন্দোলনের ডাক দেওয়া হবে। সরকারকে বিদায় করা হবে।
সোমবার ঈদুল আজহার দিন কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও দলের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের এসব কথা বলেন খালেদা জিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, মানুষের মনে কোনো আনন্দ নেই। মানুষ দুর্ভোগ-ভোগান্তির মধ্যে ঈদ উদ্যাপন করছে। ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের সীমা ছিল না। সরকারদলীয়দের চাঁদাবাজির কারণে গরু ব্যবসায়ীরা লাভ ঘরে তুলতে পারেননি। সরকার দেশের জন্য ভালো কিছু করতে পারবে না। এদের হাত থেকে দেশকে বাঁচাতে সবাইকে এক হতে হবে।
গুম হওয়া দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা নিখোঁজ স্বজনদের ছবি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া।
তারেক সুস্থ্ নয়: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, তারেক রহমানের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে এখনো পুরোপুরি সুস্থ নয়, তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসা শেষ না হলে তারেক রহমান দেশে আসতে পারবেন না।