দিনভর গুঞ্জনের পর গুজবে কান না দিতে সৈয়দ আশরাফের পরামর্শ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুপস্থিত থাকায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠলেও সন্ধ্যায় বিষয়টিকে তিনি গুজব বলে অভিহিত করেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও জানানো হয়েছে, গতকাল সোমবার অফিস চলাকালীন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তারা এমন কোনো সংকেত পায়নি।
দিনভর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা নিয়ে নাটকীয় অবস্থা চললেও সন্ধ্যার দিকে সৈয়দ আশরাফুল ইসলাম বিষয়টিকে গুজব বলে এতে কান না দেওয়ার পরামর্শ দেন। মন্ত্রিত্ব হারাচ্ছেন কি না—সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গতকাল বিকেলে তিনি নিজ জেলা কিশোরগঞ্জ শহরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ইফতারে অংশ নেওয়ার সময় এ কথা বলেন।
কয়েক দিন ধরে মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে সরকারি দলের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে গতকাল মঙ্গলবার আকস্মিকভাবে সৈয়দ আশরাফকে অপসারণ বা তাঁর সরে যাওয়া নিয়ে আলোচনা হয়। একনেক সভায় এ বিষয়ে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে মন্ত্রীদের অনেকেই ধারণা প্রকাশ করেন, সহসাই তাঁকে অপসারণের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। একনেক সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে একান্তে কথা বলায় গুঞ্জন আরও জোরদার হয়।
মন্ত্রিসভায় রদবদল ও দপ্তর বণ্টনের দাপ্তরিক কাজটি করে মন্ত্রিপরিষদ বিভাগ। জানতে চাইলে মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো নির্দেশনা নেই।’
নাম প্রকাশ না করার শর্তে একাধিক জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, আওয়ামী লীগের গত সরকারের সময় থেকে নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনা সত্ত্বেও দলের সাধারণ সম্পাদক এবং এলজিআরডি মন্ত্রী পদে দায়িত্ব পালন করছেন সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি মন্ত্রণালয়ে যান না বললেই চলে, দলের নেতা-কর্মীরাও তাঁকে পান না। এসব বিষয় প্রধানমন্ত্রী মেনেই নিয়েছেন উল্লেখ করে তাঁরা বলেন, একটি সভায় উপস্থিত না হওয়ায় তাঁকে এভাবে অপসারণ করা হবে বলে তাঁরা মনে করেন না।
এদিকে, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গতকাল একনেক বৈঠকের পর সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সৈয়দ আশরাফের দেখা হয়েছে। এ ছাড়া, আগেই সচিবের মাধ্যমে সৈয়দ আশরাফ জানিয়ে দিয়েছিলেন যে নিজ এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে একনেক বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না।
একনেক সভায় যা হয়েছে
গতকালের একনেক সভায় উত্থাপনের জন্য আটটি প্রকল্প তালিকায় প্রথমেই ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প’। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সভার কার্যক্রম শুরু হওয়ার পরপরই প্রথম প্রকল্প হিসেবে এ প্রকল্প পাসের জন্য ওঠানো হয়। পরিকল্পনা কমিশনের সদস্য এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী প্রকল্পটির বিস্তারিত তুলে ধরেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বা পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন না।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তখন বলেন, ছয় হাজার কোটি টাকার এত বড় প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুজন মন্ত্রী রয়েছেন, একজনও আসেননি। তাই এ প্রকল্প একনেক সভা থেকে প্রত্যাহার করা হোক। তাঁদের মতামত নিয়ে প্রকল্পটি পাস করা দরকার।
এ সময় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বলেন, ‘ঠিক আছে, মনে করেন আমিই মন্ত্রী। প্রকল্পটা প্রত্যাহার করবেন না।’
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ঠিক আছে, উনি যখন মিটিংয়ে আসেন না, আমি উনাকে সরিয়ে (চেঞ্জ করে) দিচ্ছি। এখানে মন্ত্রিপরিষদ সচিব আছেন, আজকেই চেঞ্জ করতে বলব।’
এরপর একনেক সভার নিয়মিত কার্যক্রম চলতে থাকে। সভা শেষে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেন।
উল্লেখ্য, নিজ এলাকায় ইফতার অনুষ্ঠানে যোগ দিতে সৈয়দ আশরাফ গতকাল কিশোরগঞ্জ যান। আর পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ১০ দিনের বিদেশ সফর শেষে গতকালই দেশে ফেরেন। গতকাল ইফতারের পর মসিউর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
জানতে চাইলে এ কথা স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, ওনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
ভৈরব থেকে নিজস্ব প্রতিবেদক জানান, কিশোরগঞ্জে পৌঁছার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, মন্ত্রিত্ব হারাচ্ছেন কি না, তা জানেন না। মন্ত্রিপরিষদ রদবদল হচ্ছে কি না, তাও তিনি জানেন না। শহরে নিজ ভবনে প্রবেশ করে সেখানে ১০ মিনিট অবস্থান করেন সৈয়দ আশরাফ। এরপর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে তিনি যোগ দেন। স্থানীয় সমবায় কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল হয়।
কমিউনিটি সেন্টারে প্রবেশের সময় সাংবাদিকেরা তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান। এমনকি ইফতার মাহফিলে আগত লোকজনের উদ্দেশেও তেমন কিছু বলেননি। ওই সময় তিনি শুধু ইফতারের ‘সময় হয়ে গেছে, দোয়া পড়ুন’ বলে মাইক ছাড়েন। ইফতার শেষ করে গাড়িবহর নিয়ে চলে যান সার্কিট হাউসে।
সৈয়দ আশরাফ মন্ত্রিত্ব হারাচ্ছেন—দুপুর থেকে কিশোরগঞ্জে এটিই ছিল প্রধান আলোচনা। ওই আলোচনার মধ্যে তিনি নিজ জেলা শহরে আসছেন—এটা জেনে বিকেলের পর থেকে দলীয় নেতা-কর্মী ছাড়াও স্থানীয় অনেকে বাসভবনের সামনে জড়ো হন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজুয়ান আহমেদ, জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শরীফ সাদি, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক প্রমুখ।