দিনভর বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুম্মান হত্যার দ্রুত বিচার, হত্যাকারীদের ফাঁসি ও পুলিশ ক্যাম্প তুলে নেওয়ার দাবিতে গতকাল ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে গ্রামবাসী বিক্ষোভ ও সড়ক অবরোধ করে l প্রথম আলো
রুম্মান হত্যার দ্রুত বিচার, হত্যাকারীদের ফাঁসি ও পুলিশ ক্যাম্প তুলে নেওয়ার দাবিতে গতকাল ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে গ্রামবাসী বিক্ষোভ ও সড়ক অবরোধ করে l প্রথম আলো

রুম্মান জমাদ্দারের হত্যাকাণ্ডের বিচার ও পুলিশ ক্যাম্প প্রত্যাহারের দাবিতে ভোলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় গ্রামবাসী গতকাল শুক্রবার দিনভর বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন।
এদিকে জনতা বাজার পুলিশ ক্যাম্পের চারজন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বাকি পুলিশ সদস্যদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে জনতা বাজার পুলিশ ক্যাম্পের পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় রুম্মান জমাদ্দার ওরফে নোমান (১৮) নিহত এবং পুলিশসহ প্রায় ৪০ জন আহত হন। পুলিশ গতকাল বেলা ১১টায় রুম্মানের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সাঈফ উদ্দিন শাহিন, সদর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মামুনুর রশিদ ও ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের শটগান থেকে ৮০ এবং চায়নিজগান থেকে দুটি গুলি ছোড়া হয়েছে। এ ছাড়া রুম্মান পুলিশের গুলিতেই নিহত হয়েছেন। তাঁরা আরও জানান, ক্যাম্পে থাকা ১০ পুলিশ সদস্যের মধ্যে আমিনুল ইসলাম, আসাদুজ্জামান, রাজীব ও আলালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকিদের ক্যাম্প থকে সরিয়ে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, কয়েক শ নারী-পুরুষ জনতা বাজার ক্যাম্পের সামনে বিক্ষোভ করছেন। নিহত রুম্মানের পরিবারে মাতম দেখে অনেকের চোখে পানি আসে। ক্যাম্পের সামনের চালকল, নলকূপ, গাছপালা, গৃহপালিত হাঁস-মুরগির বাসা ও ক্যাম্পের দরজা-জানালা ভাঙা; ঘরের চালে ও মেঝেতে ইট, লাঠিসোঁটা ও পেট্রলের বোতল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ক্যাম্পের ঘরে কেরোসিনের বিকট গন্ধ।
পুলিশের দাবি, বৃহস্পতিবার গ্রামবাসী এই ক্যাম্পে হামলা করেন এবং ক্যাম্প পুড়িয়ে দেওয়ার জন্য পেট্রল ঢেলেছিলেন। ক্যাম্পের এই বাড়িটি নাসির সরদারের। ঘরের এক পাশে দুটি কক্ষে পুলিশ থাকে, অন্য পাশে নাসির সরদারের পরিবার থাকে বলে জানান নাসির সরদারের বড় মেয়ে ও মজনু সরদারের স্ত্রী সীমা (২৬)।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, নাসির সরদারের বিরুদ্ধে দুটি হত্যা মামলা চলমান। এ ছাড়া দুটি ধর্ষণ মামলাসহ কয়েকটি মামলার সাজাপ্রাপ্ত আসামি তিনি।
কন্দ্রকপুর গ্রামের সুজন আলী, মো. ইউসুফ, মিলন ব্যাপারী, মো. লিটন, আলাউদ্দিন মাঝিসহ রাজাপুর ও জনতা বাজারের শতাধিক মানুষের ভাষ্য, গত ৩১ মার্চ রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল হক মিঠু চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মিজানুর রহমান খানের লোকজন রেজাউল হকের সমর্থিত সহস্রাধিক মানুষের বিরুদ্ধে ১২টি মামলা দেন। ওই আসামিদের ধরার জন্য বিনা প্রয়োজনে জনতা বাজারে হত্যা মামলার আসামি নাসির সরদারের বাড়িতে ক্যাম্প বসিয়েছে পুলিশ। নাসির সরদার ও মিজানুর রহমান নিজেদের স্বার্থসিদ্ধির কাজে ক্যাম্পের পুলিশকে ব্যবহার করছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মিজানুর রহমান নামের একজন শিক্ষককে (যিনি নির্বাচনের পরে করা দুটি মামলার আসামি ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি) পুলিশ সাদাপোশাকে ধরেই জনতা বাজারে মারধর শুরু করে এবং ২০ হাজার টাকা দাবি করে। এ দৃশ্য দেখে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ক্যাম্প ঘেরাও করেন।
গ্রামবাসী আরও জানান, গ্রামবাসী ক্যাম্প ঘেরাও করলে পুলিশ গুলি চালায়। একপর্যায়ে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে নাসির সরদার ও তাঁর লোকজন গ্রামবাসীর ওপর গুলি ছোড়েন। নাসির সরদারের ওই গুলিতেই রুম্মান জমাদ্দার নিহত হয়েছেন। তাঁরই গুলিতে এজাজুল জমাদ্দার ও আমিরুন নেছা গুলিবিদ্ধ হন।
গ্রামবাসীর দাবি, মানুষের নিরাপত্তার নামে যে পুলিশ ক্যাম্প হয়েছে, তা আসলে মিজানুর রহমান খান, নাসির সরদার, ওহাব আলী, বাকের মৃধার পক্ষের লোকজনের উদ্দেশ্য বাস্তবায়ন আর গ্রামবাসীর জন্য টর্চার সেল হয়েছে। নিহত রুম্মানের বাবা বেল্লাল জমাদ্দার বলেন, ‘নাসির সরদারের একটি হত্যা মামলার সাক্ষী আমার মামা নজু জমাদ্দার। তারই প্রতিশোধ নিল।’
রাজাপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী বলেন, ‘মিজানুর রহমান খানের নির্দেশে নাসির সরদার পুলিশের অস্ত্র নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’ তবে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান এ অভিযোগ অস্বীকার করেছেন।
রাত সাড়ে ৯টার দিকে জানা যায়, পুলিশ একটি হত্যা মামলায় নাসির সরদারকে গ্রেপ্তার করেছে।
গতকাল বেলা একটায় বরিশাল বিভাগীয় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় গ্রামবাসী তাঁর কাছে একই অভিযোগ করে এই হত্যাকাণ্ডের বিচার ও পুলিশ ক্যাম্প তুলে নেওয়ার দাবি করেন।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি যে প্রতিবেদন দেবে, তারই আলোকে ব্যবস্থা নেওয়া হবে।